দেশে ফিরেও বাড়ি যাওয়া হলো না
প্রবাস থেকে প্রাণের টানে দেশে ছুটে এসেছিলেন তিনি। একেবারে বাড়ির কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু আর বাড়ি যাওয়া হলো না তাঁর।প্রবাসী মানিক মিয়া (৪০) আজ বৃহস্পতিবার ভোরে দুবাই থেকে ঢাকায় এসে পৌঁছেন। এরপর প্রাইভেটকারে চড়ে হবিগঞ্জে তাঁর বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাঁকে বহনকারী প্রাইভেটকারের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মানিক মিয়া। এ ঘটনায় দুজন আহত হয়।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বিজয়নগরের শশই নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মানিক মিয়াকে বহনকারী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার থেকে এক নারী (৩০) ও এক পুরুষকে (৪০) উদ্ধার করে হাইওয়ে পুলিশ। তাঁরা জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান ফরায়েজি প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।