দেশে ফেরানোর উদ্যোগ জানতে চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে আটক ১৫৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হয়েছে—তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে এ ব্যাপারে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। সাজার মেয়াদ এক বছর আগে শেষ হয়ে যাওয়ার পরও বহরমপুর কারাগারে ১৫৬ বাংলাদেশি আটক আছে—গত ১২ ফেব্রুয়ারি প্রথম আলোতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আটককৃতদের দেশে ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক আহমেদ চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত গত ১ মার্চ আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে কেন উদ্যোগ নেওয়া হবে না—জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেন। এরই মধ্যে আটককৃতদের দেশে ফিরিয়ে আনতে সরকার কী উদ্যোগ নিয়েছে—তা জানতে চেয়ে গত সপ্তাহে রিট আবেদনকারীর পক্ষে আরেকটি রিট করা হয়। সে ব্যাপারে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৫৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী উদ্যোগ নিয়েছে তা ১০ দিনের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।