দেশে ফেরামাত্রই মোশাররফকে গ্রেপ্তার, কারাগারও প্রস্তুত
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। গতকাল সোমবার পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।স্বরাষ্ট্রমন্ত্রী মাজুর ওয়াসেম জানান, গত বছর তাঁর দপ্তর থেকে মোশাররফকে গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, গ্রেপ্তারের পর তাঁকে লান্ধী কারাগারে পাঠানো হবে। এরই মধ্যে কারা কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন অনুযায়ী সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।২০০৯ সালের প্রথম থেকে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ স্বেচ্ছা নির্বাসনে দুবাই ও লন্ডনে অবস্থান করছেন। গত রোববার সমর্থকদের উদ্দেশে দেওয়া একটি ভিডিও ভাষণে তিনি বলেন, দলের নেতৃত্ব দিতে দেশে ফিরবেন। চলতি মাসের ২৭ কিংবা ২৮ তারিখের দিকে তাঁর ফেরার কথা।২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার ঘটনায় মোশাররফকে দায়ী করা হয়। দাবি করা হয়, মোশাররফ বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।তবে মোশাররফ জানিয়েছেন, সরকারের হুমকিতে ভীত নন তিনি। তিনি বলেন, ‘তারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু আমি ভীত হওয়ার মতো লোক নই। আমি দেশে এসে সবকিছু মোকাবিলা করব।’ ২০১৩ সালে পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আশা করছেন তিনি।