দেশে বাণিজ্যঘাটতির পরিমাণ ৫৭২ কোটি ডলার: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) ৫৭২ কোটি ৮৩ লাখ ডলার বাণিজ্যঘাটতি ছিল। বাণিজ্যঘাটতি কমাতে সরকার রপ্তানি বৃদ্ধি ও আমদানি-নির্ভরতা কমানোর জন্য নানামুখী পদক্ষেপ নিয়েছে। গত অর্থবছরে এই ঘাটতির পরিমাণ ছিল ৬৯৪ কোটি ২০ লাখ ডলার।বাণিজ্যমন্ত্রী ফারুক খান আজ বুধবার জাতীয় সংসদে সাংসদ গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে বাণিজ্যঘাটতির এ তথ্য জানান।অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পর্যবেক্ষণ কার্যক্রম জাতীয় পর্যায় থেকে উপজেলা পর্যন্ত জোরদার করা হবে। তিনি বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে টিসিবির মাধ্যমে ২০ হাজার টন সয়াবিন তেল, পাঁচ হাজার টন পাম অয়েল, ২৫ হাজার টন চিনি, ১০ হাজার টন মসুর ডাল, দুই হাজার টন ছোলা ও ৭৫০ টন পেঁয়াজ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য এরই মধ্যে ১০০ কোটি টাকা ভর্তুকি চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এসব পণ্য রমজান মাসে টিসিবির ডিলারদের মাধ্যমে সারা দেশে বিক্রি করা হবে।