দেশে বাম ধারার রাজনীতির পরিবেশ নেই
শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, দেশে বর্তমানে বাম বিকল্প ধারার রাজনৈতিক আবহ সৃষ্টির পরিবেশ নেই। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, দেশে বর্তমানে দুটি রাজনৈতিক শক্তি আছে। একটি মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল অসাম্প্রদায়িক শক্তি। তাদের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে আরেকটি দল হলো মুক্তিযুদ্ধের বিরোধী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। এর মাঝামাঝি কোনো রাজনৈতিক অবস্থান নেই।সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার। তিনি বলেন, ১৪ দলের ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করবে। তবুও এই ঐক্যের ধারা সমুন্নত রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে। দিলীপ বড়ুয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে জোটে আলোচনা হবে। তবে নির্বাচনের এখনো এক বছর ১০ মাস বাকি। নির্বাচন নিয়ে এখনই আলোচনার সময় নেই। মতবিনিময় সভায় সাম্যবাদী দলের নেতা আবু হামেদ শাহাবুদ্দিন, লুত্ফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।