দেশে-বিদেশে বিমানের দুটি ডিসি-১০ বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের দুটি সুপরিসর উড়োজাহাজ বিকল হয়ে গেছে। এর মধ্যে একটি ঢাকায় আসার পথে গত মঙ্গলবার আবুধাবি বিমানবন্দরে এবং আরেকটি বুধবার রাতে ঢাকা থেকে ওমানের রাজধানী মাসকাটে যাওয়ার পথে চট্টগ্রামে বিকল হয়।বিমান সূত্র জানিয়েছে, আবুধাবিতে আটকে পড়া যাত্রীদের এক দিন পর বিকল্প উড়োজাহাজ পাঠিয়ে ঢাকায় আনা হয়েছে। আর চট্টগ্রামে আটকে পড়া যাত্রীদের স্থানীয় হোটেলে রাখা হয়।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মঙ্গলবার রাতে যাত্রী নিয়ে (ফ্লাইট বিজি-০২৮) আবুধাবি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে বিমানের একটি ডিসি-১০ উড়োজাহাজের দ্বিতীয় ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে এতে যাত্রী বা বিমানকর্মীদের কারো কোনো ক্ষতি হয়নি। পরদিন বুধবার ঢাকা থেকে আরেকটি ইঞ্জিন নিয়ে বাংলাদেশ বিমানের ১৮ সদস্যের একটি বিশেষজ্ঞ দল আবুধাবি যায়।জানতে চাইলে বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক প্রথম আলোকে বলেন, আরেকটি ইঞ্জিন পুনঃস্থাপনের জন্য ঢাকা থেকে যাওয়া বিশেষজ্ঞ দল সেখানে দিন-রাত কাজ করছে। তিনি জানান, ওই ফ্লাইটের যাত্রীদের গতকাল অন্য উড়োজাহাজে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে।বিমানের সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, পাঁচ-ছয় মাস আগে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে ওই ইঞ্জিনটি নতুন কেনা হয়েছিল।এ ব্যাপারে প্রধান প্রকৌশলী বলেন, সংশ্লিষ্ট কোম্পানির কাছে শর্ত অনুযায়ী ইঞ্জিনের ক্ষতিপূরণ (ওয়ারেন্টি) দাবি করা হয়েছে। যদি ক্ষতিপূরণের শর্তের মধ্যে নাও পড়ে, সে ক্ষেত্রে বিমানের কর্তৃপক্ষ বীমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করবে।এ ছাড়া বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম-মাসকাট ফ্লাইট (বিজি-০২১) নিয়ে আরেকটি ডিসি-১০ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল হয়ে পড়ে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, উড়োজাহাজের সরবরাহ লাইন (বাসবার) বৈদ্যুতিক শক্তি না পাওয়ায় সমস্য দেখা দেয়। পরে ঢাকা থেকে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠিয়ে তা ঠিক করা হয়।বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বণিক জানান, ওই ফ্লাইটেই এ কাজের বিশেষজ্ঞ প্রকৌশলী কর্মরত ছিলেন। তাই সমস্যা দেখা দেওয়ার পর থেকেই মেরামতের কাজ শুরু হয়। গতকাল বিকেল চারটায় কাজ শেষ হয়। গতকাল রাতেই যাত্রীদের নিয়ে ফ্লাইটটি আবার মাসকাটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।