দেশে বিনিয়োগ করুন, প্রবাসীদের গওহর রিজভী
প্রবাসী বাংলাদেশিদের আরও বেশি করে দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘দেশের কাছ থেকে আপনারা অনেক কিছু চান। সেই হিসেবের পাশাপাশি দেশকে আপনারা কী দিতে পারেন, সেটিও মাথায় রাখেন।’আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশি নাগরিকদের সম্পর্ক: বাংলাদেশি আমেরিকানদের ভূমিকা’ শীর্ষক এক সভায় গওহর রিজভী এ কথা বলেন। অভিবাসী বাংলাদেশিদের সংগঠন সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি এ সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি গওহর রিজভী বলেন, অভিবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার প্রবাসীদের বিষয়ে অনেক আন্তরিক। মার্কিন প্রবাসীদের উদ্দেশ করে গওহর রিজভী বলেন, ‘এটি ঠিক আমাদের-আপনাদের জন্য করণীয় অনেক কিছু আছে। কিন্তু আপনারাও ভাবুন দেশকে কীভাবে দিতে পারেন। আপনারা দেশে আসুন। জ্বালানি খাতে বিদ্যুত্ খাতসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করুন।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন, ‘বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় দেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দেয়। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নত করা সম্ভব। তবে সেটি করার জন্য বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যাতে মার্কিন প্রবাসী বাংলাদেশিরাও এখানে এসে বিনিয়োগ করতে পারে।’ মজিনা বলেন, ‘জনসংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হওয়ার পরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমছে। সহস্রাব্দ লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগুলো সবই অত্যন্ত আশার কথা। আমরা চাই বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে আমাদের যে ধরনের সহায়তা করার আমরা করব।’ মজিনা বলেন, ‘আমি বাংলাদেশে কোনো গোপন উদ্দেশ্য নিয়ে আসিনি। আমার উদ্দেশ্য একটিই, আর সেটি হলো—দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া। আর সে কারণেই আমার সব কাজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্যই বাংলাদেশে এসেছিলেন।’বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তিপ্রতিষ্ঠায় অবদান রাখছে উল্লেখ করে মজিনা বলেন, সারা বিশ্বের শান্তিকামী লোকজনের জন্য বাংলাদেশ একটি উদাহরণ হতে পারে। আর এ দেশের সবচেয়ে বড় সম্ভাবনা তরুণেরা। তারাই এ দেশের ভবিষ্যত্।অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। অনুষ্ঠানে রাষ্ট্রদূত হুমায়ুন কবির, অর্থনীতিবিদ ইব্রাহিম খালেদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও মার্কিন প্রবাসী মনোরঞ্জন গোপাল, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, মার্কিন ব্যবসায়ী হাসিনা নেওয়াজ, ফেরদৌসি বেগম, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ-ই সারোয়ার, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি রাকিবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল হান্নান চৌধুরীসহ মার্কিন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষক, প্রকৌশলী, শিল্পীসহ বিভিন্ন খাতের লোকজন বক্তব্য রাখেন। তাঁরা বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের কাছে আহ্বান জানান।