দেশে বিভিন্ন স্থানে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, কিশোরগঞ্জের কটিয়াদী ও নোয়াখালীর সেনবাগ উপজেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৭ জন আহত হয়েছে। এ ছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় গতকাল শুক্রবার রাতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, উপজেলার সুয়াগাজী এলাকার ঈসা খাঁ গার্ডেন সিএনজি ফিলিং স্টেশনের সামনে আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে একটি ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানচালক জামাল হোসেন (৩৫) ও ট্রাকের হেলপার সাইফুল ইসলাম (৩২) মারা যান।নিহত জামালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এবং সাইফুলের বাড়ি নরসিংদীর পলাশ উপজেলায়।এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের হেলপার ও ট্রাকের চালক আহত হন। তাঁদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের পার্শ্ববর্তী হরিমঙ্গল এলাকায় ট্রেনে কাটা অজ্ঞাতনামা দুই ব্যক্তির (২৫-২৬) লাশ পাওয়া গেছে। আজ ভোরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।লাকসাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, গত রাতে কোনো ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের মধ্যপাড়ায় আজ বেলা ১১টার দিকে ইসা খাঁ এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস একটি তেলবাহী ট্রাককে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী রিনা বেগমকে (৫০) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ওই বাসের ধাক্কায় অপর দুই ব্যক্তি আহত হয়। তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট তিনপুকুরীয়ায় ফেনী-নোয়াখালী মহাসড়কে সোনাপুর থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়।নিহত ব্যক্তিরর নাম হেলাল মিয়া (৩৫)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।নোয়াখালী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা-কবলিত বাস ও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের নোয়াখালী ও ফেনীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।