দেশে বেকারের সংখ্যা ২১ লাখ: সংসদে কর্মসংস্থানমন্ত্রী
দেশে ১৫ বছর বয়সী এবং এর ওপরের বয়সী বেকারের সংখ্যা ২১ লাখ। আজ বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেন এ তথ্য জানান।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে ২০০৫-২০০৬’ অনুসারে এ সংখ্যা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। এরপর আর কোনো জরিপ প্রতিবেদন প্রকাশিত হয়নি। মন্ত্রী বলেন, দেশে বেকারত্ব দূর করতে সরকার বেশ কিছু কাজ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে যুবসমাজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করা, মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা, ২০১৩ সালের মধ্যে মাধ্যমিক স্তর এবং ২০২১ সালের মধ্যে প্রাথমিক স্তরে তথ্যপ্রযুক্তি (আইটি) শিক্ষা বাধ্যতামূলক করা।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫টি বিষয়ে ৪২ হাজার যুব ও যুব মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।