দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০৩৮১.৭২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে ১০ হাজার ৩৮১.৭২ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে।তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৮৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার বেশি। গত বছর এ সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ১০ হাজার ৯৭.৮৪ মিলিয়ন মার্কিন ডলার।অর্থমন্ত্রী আজ বুধবার সংসদে জাতীয় পার্টির সাংসদ বেগম সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।তিনি বলেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির জন্য প্রবাসী বাংলাদেশিদের স্বদেশে অর্থ পাঠানো সহজ করা, প্রবাসীদের জন্য বিনিয়োগ বন্ড চালু, ব্যাংকিং চ্যানেলে প্রবাসী-আয় পাঠানোকে উত্সাহিত করতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রোড শোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।অর্থমন্ত্রী সরকারি দলের কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে বলেন, নীতিমালার আওতায় বর্তমানে ব্যাংকগুলো নিজেরাই স্বাধীনভাবে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে তাদের ঋণ ও আমানতের সুদ নির্ধারণ করছে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিশ্ব অর্থনীতি পরিস্থিতি মোকাবিলায় বেসরকারি ব্যাংকসহ সব তফসিলি ব্যাংককে ঋণের সুদ হার গৃহায়ণ খাতসহ কতিপয় খাতে সর্বোচ্চ সীমা (১৩ শতাংশ) নির্ধারণ করে দেওয়া হয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, এ ছাড়া বাংলাদেশ ব্যাংক নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান আবাসন-চাহিদা পূরণের লক্ষ্যে ঋণ প্রদানের জন্য গৃহায়ণ খাতে পূর্ণ অর্থায়ন স্কিম গ্রহণ করেছে। এই স্কিমের আওতায় দেওয়া ঋণের সুদের হার গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৯ শতাংশ। তিনি বলেন, ১৯৯৮ সালে পল্লি¬র অসহায় দরিদ্র ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য স্বল্প সুদে আবাসন-সুবিধা দেওয়ার লক্ষ্যে গৃহায়ণ তহবিল নামে একটি প্রকল্প চালু করা হয়। প্রকল্পটি এনজিওদের মাধ্যমে সারা দেশে বাস্তবায়িত হচ্ছে।অর্থমন্ত্রী বলেন, এ প্রকল্পের আওতায় এনজিওগুলো ১ শতাংশ সরল সুদে প্রত্যেক ঋণগ্রহীতাকে প্রতিটি গৃহের জন্য ৩৫ হাজার টাকা করে ঋণ দিচ্ছে। ঋণগ্রহীতারা ৫ শতাংশ সরল সুদে ৩ থেকে ১০ বছর মেয়াদে এই ঋণ নিচ্ছে। বাসস।