দেশে ব্যাংকিং বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ
ব্যাংকিং পেশায় নিয়োজিত এবং এ খাতে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের সামনে এখন ব্যাংকিং বিষয়ে উচ্চশিক্ষার একটি ভালো সুযোগ আছে।আর সুযোগটি তৈরি করে দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। প্রতিষ্ঠানটি সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সন্ধ্যাকালীন মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্টে (ইএমবিএম) স্নাতকোত্তর কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। যাত্রা ও উদ্দেশ্য: ১৯৭৪ সালে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যম ও উচ্চপর্যায়ের পেশাজীবীদের সময়োপযোগী নানা প্রশিক্ষণ দিতে বাংলাদেশ ব্যাংক এবং তৎকালীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বিআইবিএম প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে দেশে ব্যাংকিং খাতে প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য জাতীয় পর্যায়ের সর্বোচ্চ প্রতিষ্ঠান। বিআইবিএমের প্রশিক্ষণ পরিচালক শাহ মো. আহসান হাবীব জানান, বর্তমানে মোট ৪৭টি ব্যাংক এ প্রতিষ্ঠানের সদস্য। এর মধ্যে ৩৩টি সাধারণ ও ১৪টি সহযোগী সদস্য। প্রতিষ্ঠানটি ব্যাংকিং খাতের নানা বিষয়ে পরামর্শক হিসেবেও কাজ করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ৩০ হাজার বই ও ২০০ দেশি-বিদেশি জার্নালে সমৃদ্ধ পাঠাগার।ভর্তির সুযোগ: প্রশিক্ষণ পরিচালক জানান, সময়ের প্রয়োজনে ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে বিআইবিএম ১৯৯৭ সালে ব্যাংকিং বিষয়ে মাস্টার্স অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) নামে স্নাতকোত্তর কোর্স চালু করে। কোর্সগুলো হলো, এমবিএম ও সন্ধ্যাকালীন এমবিএম (২০০৬)। এমবিএম কোর্স দুই বছর আর সন্ধ্যাকালীন এমবিএম (ইএমবিএম) কোর্সটি দুই বছর আট মাস মেয়াদি। একজন প্রার্থীকে ছয়টি সেমিস্টারে মোট ২৪টি বিষয় পড়তে হয়। প্রতিটি সেমিস্টার চার মাস মেয়াদি। তবে ইএমবিএম প্রার্থীদের ২৪টি বিষয় আটটি সেমিস্টারে পড়তে হবে। এ ছাড়া ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য স্বল্পমেয়াদি কোর্স করারও সুযোগ আছে বিআইবিএমে। যেমন—প্রশিক্ষণ কোর্স, প্রশিক্ষণ কর্মশালা, গবেষণা কর্মশালা, রিভিউ কর্মশালা। কোর্সগুলো ২ থেকে ১০ দিনব্যাপী হয়ে থাকে।যেসব বিষয় পড়ানো হয়: বিআইবিএমে স্নাতকোত্তর কোর্সে মৌলিক অর্থনীতি, ব্যবসায় যোগাযোগ, সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যাংকিং আইন ও প্রয়োগ, ঋণ পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনা, প্রতিবেদন তৈরি, বিপণন ব্যবস্থাপনা, ব্যবসায় গণিত, উচ্চতর হিসাববিজ্ঞান, ব্যবসায় পরিসংখ্যান, ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিময়, আন্তনিয়ন্ত্রণ কৌশল ও ব্যাংক সুপারভিশন, ই-কমার্স, ই-ব্যাংকিং, তথ্যপ্রযুক্তিসহ ব্যাংকিং-সংক্রান্ত অন্যান্য বিষয় পড়ানো হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি কোর্সে ঋণ ব্যবস্থাপনা, কৃষি ও গ্রামীণ ব্যাংকিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা, ইসলামি ব্যাংকিং ও অর্থায়ন, অর্থ বিশ্লেষণ, উদ্যোক্তা-উন্নয়ন ও এসএমই ব্যবসা, শাখা ব্যবস্থাপনা, বিপণন, ব্র্যান্ডিং ও রিলেশনশিপ ব্যাংকিং, নেতৃত্ব, দল গঠন ও আলোচনা দক্ষতা, সাধারণ ব্যাংকিং, ঋণ আইন ও নীতি, বিনিয়োগ ব্যাংকিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।ভর্তির যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। নিয়মিত এমবিএম কোর্সে ৬০ জন ও সন্ধ্যাকালীন এমবিএম কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হয়। ভর্তির ক্ষেত্রে সাধারণত পেশাজীবী প্রার্থীদের অগ্রাধিকার রয়েছে। বিআইবিএম কার্যালয় থেকে ৫০০ টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করে ৬ মের মধ্যে জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে। দুই ঘণ্টাব্যাপী নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার মোট নম্বর ১০০।এর মধ্যে ইংরেজি ৫০, গণিত ৩০ ও সাধারণ জ্ঞান বিষয়ে ২০ নম্বরের প্রশ্ন থাকে।এ ছাড়া রয়েছে ১০ নম্বরের মৌখিক পরীক্ষা।খরচাপাতি: সদস্য ব্যাংকগুলোর পেশাজীবীদের জন্য পরিচালিত সংক্ষিপ্ত কোর্সের বিপরীতে তেমন একটা প্রশিক্ষণ খরচ নেওয়া হয় না। তবে যাঁরা এমবিএম বা ইএমবিএম কোর্সে ভর্তি হবেন, তাঁদের পুরো কোর্সের জন্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা টিউশন ফি বাবদ দিতে হবে। পুরো টিউশন ফি একবারে পরিশোধ না করে প্রতি টার্মভিত্তিক দেওয়ার সুযোগ রয়েছে।এমবিএম ও ইএমবিএমের গুরুত্ব: শাহ মো. আহসান হাবীব জানান, ব্যাংকিং খাতের চাকরিতে আগ্রহী ব্যক্তিদের জন্য এমবিএম ও ইএমবিএম খুবই গুরুত্বপূর্ণ। আর এ ডিগ্রি অর্জন করতে পারলে চাকরিতে যেমনি এগিয়ে যাওয়া যায়, তেমনি চাকরিপ্রার্থীদেরও সহজে চাকরি পেতে সহায়ক হয়। এ প্রতিষ্ঠানের এমবিএম ও ইএমবিএম ডিগ্রিধারীদের প্রায় শতভাগই ব্যাংকের চাকরি লাভের সুযোগ পান। তাঁদের কোনো ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির আশায় বসে থাকতে হয় না। কোর্স শেষ হলে অন ক্যাম্পাস জব অফার বা জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের নিয়োগকর্তারা চাকরির সুযোগ দিয়ে থাকেন। এ কারণে এখানকার শিক্ষার্থীদের আর নিয়োগ পরীক্ষা দিতে হয় না। এ প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষক-প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দিয়ে থাকেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও প্রশিক্ষণ দিয়ে থাকেন।যোগাযোগের ঠিকানা: বিআইবিএম, প্লট-৪, সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬। ফোন নম্বর: ৯০০৩০৩১-৫।ওয়েবসাইট: www.bibm.bd.org