দেশে মাতৃমৃত্যু কমাতে উল্লেখযোগ্য সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশে বর্তমানে মাতৃমৃত্যুর হার এক লাখে ১৯৪। অর্থাৎ এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৯৪ জন মায়ের মৃত্যু হচ্ছে। ২০০১ সালে এই হার ছিল ৩২২। গত এক দশকে মাতৃমৃত্যু ৪০ শতাংশ কমে গেছে।‘বাংলাদেশ মাতৃমৃত্যু ও স্বাস্থ্যসেবা জরিপ ২০১০’ থেকে এ তথ্য পাওয়া গেছে। গতকাল রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে জরিপের প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বলা হয়, ২০১৫ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার কমিয়ে ১৪৩ করার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি-৫) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে আছে। ১০ বছর আগের জরিপের সঙ্গে তুলনা করে দেখা দেছে, প্রতিবছর ৫ দশমিক ৫ শতাংশ হারে মাতৃমৃত্যু কমছে।জরিপের সঙ্গে জড়িত গবেষকেরা বলেছেন, স্বাস্থ্য খাতের কিছু ইতিবাচক কর্মকাণ্ডের কারণে মাতৃমৃত্যু কমছে। পাশাপাশি আর্থসামাজিক পরিবর্তন এবং কম গর্ভধারণ এ ক্ষেত্রে অবদান রেখেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ কিছু ক্ষেত্রে অনেক বদলে গেছে, জরিপের ফলাফল তারই ইঙ্গিত বহন করে।একাধিক বক্তা অবশ্য বলেন, মাতৃমৃত্যু কমে যাওয়ায় খুশি হওয়ার কারণ আছে। কিন্তু আত্মতুষ্টিতে থাকার সুযোগ নেই। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী রুহুল হক বলেন, ‘সন্তান জন্ম দিতে গিয়ে একজন মায়েরও মৃত্যু হবে না, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’ তিনি বলেন, সাফল্যের এ খবর প্রকাশিত হলে সারা দেশের মানুষ অনুপ্রাণিত হবে।জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক (গবেষণা) আহমেদ আল-সাবির বলেন, ২০১০ সালের ১৮ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত দেশের সব বিভাগের এক লাখ ৭৫ হাজার পরিবারের ওপর জরিপ করা হয়। প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি ১৩-৪৯ বছর বয়সী বিবাহিত নারীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এসব পরিবারে গত তিন বছরে প্রজননক্ষম নারীর মৃত্যু বা প্রসবজনিত মৃত্যুর বিষয়ে বিশেষভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে।পরিবর্তন কী হয়েছে: দেশে মাতৃমৃত্যু নিয়ে প্রথম জরিপ হয় ২০০১ সালে। ওই জরিপের সঙ্গে তুলনা করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস এল আরেফিন বলেন, ২০০১ সালে গর্ভধারণকালে, প্রসবকালে ও প্রসবোত্তরকালে—এই তিন স্তরে মাতৃমৃত্যুর হার ছিল যথাক্রমে ৭১, ৩৬ ও ২১৬। সবশেষ জরিপে দেখা গেছে, তিনটি ক্ষেত্রেই মৃত্যুহার কমেছে, বর্তমানে তা ৩৫, ১৮ ও ১৪২।শামস এল আরেফিন বলেন, ২০০১ সালে মাতৃমৃত্যুর প্রধান কারণ ছিল রক্তক্ষরণ (২৯ শতাংশ) ও খিঁচুনি (২৪ শতাংশ)। ২০১০ সালের জরিপেও দেখা যায়, এ দুটি কারণই প্রধান। তবে রক্তক্ষরণে ৩৫ শতাংশ ও খিঁচুনিতে ৫০ শতাংশ মৃত্যু কমেছে।আরেফিন বলেন, জরুরি সময়েও মানুষ চিকিৎসাসেবা নেওয়ার সিদ্ধান্ত অনেক দেরিতে নেয়। প্রথমে তারা কাছেপিঠের যে হাসপাতালে যায়, সেখানে উপযুক্ত সেবা তারা পায় না। সেখান থেকে তারা মেডিকেল কলেজ বা জেলা হাসপাতালে যায়। সেখানেও তাদের অসুবিধায় পড়তে হয়। কারণ প্রতিষ্ঠানটি অনেক ক্ষেত্রে জরুরি সেবা দিতে প্রস্তুত থাকে না। একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি সরকারি হাসপাতালে রক্ত ছিল। কিন্তু প্রয়োজনের সময় রক্ত না পেয়ে প্রসূতির মৃত্যু হয়।স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটার কথা নয়। তিনি বিস্তারিত জানতে চান। গবেষকেরা বলেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য তাঁদের কাছে আছে।মৃত্যু কমাতে কে অবদান রাখল: দেশে প্রতিবছর ১২ হাজার মায়ের মৃত্যু হতো সন্তান জন্ম দিতে গিয়ে। বর্তমানে সেই সংখ্যা সাড়ে সাত হাজার। সর্বশেষ পরিসংখ্যান বলছে, প্রতি ৫০০ জন্মে একজন মায়ের মৃত্যুঝুঁকি আছে। একজন মায়ের মৃত্যুও কাম্য নয়। তবু এসব তথ্য উপস্থাপন করার সময় সভায় উপস্থিত অনেকেই করতালি দিতে থাকেন।আইসিডিডিআরবির জনসংখ্যা বিভাগের প্রধান পিটার কিম স্ট্রিডফিল্ড সাফল্যের পেছনের কারণ উপস্থাপন করেন। তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রসবসেবা নেওয়ার হার আগের চেয়ে বেড়েছে। ২০০১ সালে এই হার ছিল ৯ শতাংশ। আর ২০১০ সালে বেড়ে হয়েছে ২৩ শতাংশ। এই সময় ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানেও সেবা নেওয়ার হার বেড়েছে। আগে ছিল ২ দশমিক ৭ শতাংশ, আর বর্তমানে ১১ দশমিক ৩ শতাংশ। তিনি বলেন, ব্যক্তি-মালিকানাধীন প্রতিষ্ঠানে তুলনামূলকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু জন্মদানের হার বেড়েছে।পিটার বলেন, প্রসব-জটিলতায় আগে ৫৩ শতাংশ মানুষ সেবা খুঁজত, এখন ৬৮ শতাংশ সেবা খোঁজে। জরিপে দেখা গেছে, সচ্ছলদের পাশাপাশি দরিদ্র নারীদের মধ্যেও চিকিৎসা নেওয়ার হার বেড়েছে।গত এক দশকে সরকারের কিছু উদ্যোগও মাতৃমৃত্যু কমিয়েছে। এর মধ্যে আছে ৫৯টি জেলা হাসপাতাল ও ৬০টি মাতৃ ও শিশুকল্যাণ কেন্দ্রে জরুরি প্রসূতিসেবা চালু করা। ২০১০ সালে ১৩২টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এই সেবা চালু ছিল। এ ছাড়া মুঠোফোনের ব্যবহার, শিক্ষা, সচেতনতা ও আয় বৃদ্ধি মাতৃমৃত্যু কমাতে অবদান রেখেছে। পিটার বলেন, ২০০১ সালে দেশে মোট প্রজনন হার (টিএফআর) ছিল ৩ দশমিক ২। আর সর্বশেষ জরিপে দেখা গেছে, টিএফআর বর্তমানে ২ দশমিক ৫। অর্থাৎ নয় বছরে টিএফআর ২২ শতাংশ কমেছে।সরকার, যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি, অস্ট্রেলিয়ার অসএইড এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের আর্থিক সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (নিপোর্ট) এই জরিপ পরিচালনা করে। জরিপ পরিচালনা ও প্রতিবেদন তৈরিতে কারিগরি সহায়তা করেছে আইসিডিডিআরবি, ম্যাজার ইভালুয়েশন ও ইউএসএআইডি। এসব প্রতিষ্ঠান যৌথভাবে গতকালের অনুষ্ঠানের আয়োজন করে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মীরা খুবই সক্রিয় বলে অগ্রগতি সম্ভব হচ্ছে। যেসব মা জটিলতায় ভুগছে বা যার সেবা দরকার, তাকে চিহ্নিত করা কঠিন। মন্ত্রণালয় আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এসব মাকে চিহ্নিত করে নজরদারির ব্যবস্থা করবে। এ ছাড়া সরকার কমিউনিটি ক্লিনিক চালু ও প্রশিক্ষিত ধাত্রী তৈরির যে উদ্যোগ নিয়েছে, তাতে মৃত্যু আরও কমবে।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্থার আরকেন বলেন, ‘এটি একটি সুখের দিন। আমরা এই দিনের জন্য বহু দিন অপেক্ষা করেছিলাম। আমি জাতিসংঘের সব প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই।’স্বাস্থ্যসচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরসহ একাধিক দাতা সংস্থার প্রতিনিধিরা।