জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বিকেল সোয়া তিনটায় শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সভার শুরুতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন । প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে জনপ্রতি বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় সাড়ে ১০ হাজার টাকা (১৪৯ দশমিক ৫৪ ডলার)। ২০০৮ সালে পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যার হিসাব অনুযায়ী (১৪ কোটি ২৪ লাখ) এ হিসাব করা হয়েছে।সৈয়দ মহসীন আলীর অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। ভূমিহীন ও বর্গাচাষিরা এখন জমির মালিক না হয়েও শুধু জমির মালিকের প্রত্যয়নপত্র ব্যাংকে জমা দিয়ে কৃষিঋণ পেতে পারেন। আজকের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে। ৪ জানুয়ারি সংসদের শীতকালীন এ অধিবেশন শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভাষণের পর অধিবেশনের বৈঠক আজ বিকেল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।