দেশে মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে মানবাধিকার ও আইনের শাসন লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, এখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশের মানবাধিকারবিষয়ক প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। আজ রোববার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল আরও বলেন, সরকার গণতন্ত্রের নামে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানান।মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি দীর্ঘদিন ধরেই বলে আসছে দেশের মানবাধিকার-পরিস্থিতি খারাপ। সরকারের দমন, নিপীড়ন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিএনপি বারবার বলে আসছিল। আর বাংলাদেশে বিচার বিভাগের দলীয়করণের বিষয়টিও মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে। বলা হয়েছে, বিরোধীপক্ষরা এখানে বিচার পাবেন কি না, সন্দেহ আছে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদন বিএনপির আশঙ্কাকে সত্য প্রমাণ করেছে।এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, এম কে আনোয়ারসহ ঊর্ধ্বতন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে বাংলাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) হেফাজতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনাসহ নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তে সরকারের ব্যর্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত শুক্রবার ওয়াশিংটনে এ প্রতিবেদন প্রকাশ করেন। এতে ২০১০ সালের ১৯০টির বেশি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়।