দেশে মিসরের মতো গণবিস্ফোরণ ঘটতে পারে: বিএনপি
মিসরের মতো বাংলাদেশেও গণবিস্ফোরণ ঘটতে পারে বলে সরকারকে সতর্ক করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, বর্তমান সরকারের ব্যর্থতা বাংলাদেশেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করছে।আজ শনিবার রাজধানীতে পৃথক দুটি অনুষ্ঠানে বিএনপির নেতারা এ কথা বলেন।সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, দেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে। জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে আড়িয়ল বিলে। তাঁর মতে, শুধু বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে ওই গণবিস্ফোরণ হয়নি। একই অবস্থা এখন দেশের সর্বত্র বিরাজ করছে। যেকোনো সময় মিসরের মতো গণবিস্ফোরণ ঘটতে পারে। মওদুদ বলেন, ‘শুধু দেশের মানুষ নয়, আমার বন্ধু তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন এবং এরশাদ সাহেবও আজ মহাজোট সরকারের মহাব্যর্থতার কথা তুলে ধরছেন।’ তিনি বলেন, বর্তমান সরকারের মানসিকতার কারণে বিএনপি সংসদে যাওয়ার আগ্রহ পাচ্ছে না। সরকার ইচ্ছা করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমন পরিবেশ তৈরি করতে পারে, যাতে বিএনপি সংসদে যেতে পারে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারি দলের বিভিন্ন নেতার বক্তব্যের সমালোচনা করেন মওদুদ। তিনি বলেন, ‘সরকার প্রতিহিংসাবশত ড. ইউনূসের বিরুদ্ধে তহবিল স্থানান্তরসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করছে। ইউনূসকে অপমানিত করে পুরো জাতিকে অপমানিত করা হচ্ছে।’ ‘নির্বাচনী অঙ্গীকার, বাস্তবতা ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সুশীল ফোরাম। সংগঠনের প্রধান উপদেষ্টা টি এম গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত আমির হামিদুর রহমান আযাদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ বক্তব্য দেন। স্বেচ্ছসেবক দলের সমাবেশজাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে মিসরের কথা ভেবে সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গণবিস্ফোরণের মুখে স্বৈরাচারী সরকারের পতন ঘটছে। সংগঠনের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলামের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ইয়াসিনকে শুক্রবার রাতে আর আমিনুল হরতালের দিন গ্রেপ্তার করে পুলিশ। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক বলেন, ঢাকার মুক্তাঙ্গন হবে মিসরের তাহরির স্কয়ার। এ জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির নেতা ফজলুল হক, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, শিরিন সুলতান প্রমুখ বক্তব্য দেন।