দেশে মূল্যস্ফীতির চাপ রয়েছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমানে দেশে কিছুটা মূল্যস্ফীতির চাপ রয়েছে। মূল্যস্ফীতি কমানোর জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে শহর এলাকায় নিম্ন আয়ের জনগণের মধ্যে কম দামে খোলাবাজারে চাল বিক্রি, কৃষি উৎপাদনে ভর্তুকি, খাদ্যশস্য আমদানির মাধ্যমে সরকারি মজুদ বাড়ানো।আজ শনিবার জাতীয় সংসদে ইমাজ উদ্দিন প্রামাণিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে বাজেট আলোচনা সুবিধার্থে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।অর্থমন্ত্রী বলেন, দেশে মুদ্রাস্ফীতির কারণে পণ্যের মূল্যস্ফীতি ঘটে থাকে। তবে দ্রব্যের সরবরাহ ঘাটতির কারণেও মূল্যস্ফীতি ঘটতে পারে। বর্তমানে দেশে কিছুটা মূল্যস্ফীতির চাপ লক্ষ করা যাচ্ছে। পণ্যের মূল্যে যে বৃদ্ধি ঘটেছে, তা মূলত বাইরের উৎসের প্রভাব।অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেয়ারবাজার বিকাশের স্বার্থে প্রয়োজন দেখা দিলে মার্চেন্ট ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দেবে সরকার। তা ছাড়া শেয়ারবাজারের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে তদন্ত কমিটির সুপারিশ অনুসারে সরকার কাজ শুরু করেছে।অর্থমন্ত্রী আরও বলেন, শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে সরকারের কাছে ২৫টি সুপারিশ করেছে। এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।সারাহ্ বেগম কবরীর প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের জিডিপিতে তৈরি পোশাকশিল্প খাতের অবদানের পরিমাণ ৪ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৫৬ শতাংশ। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাজোট সরকার গঠনের পর গত ৩১ মে পর্যন্ত বিভিন্ন ব্যাংক ৯০৮টি শাখা স্থাপন করেছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের দিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল পাঁচ হাজার ৩৪৯ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলার। ১৫ জুন পর্যন্ত রির্জাভ হচ্ছে ১০ হাজার ৫৫৭ দশমিক ৯২ মিলিয়ন মার্কিন ডলার।