দেশে মোট ভোটারের সংখ্যা আট কোটি ৪৭ লাখ ৪৮ হাজার। হালনাগাদের পর তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৩৬ লাখ ৮৯ হাজার নতুন ভোটার। দেশের প্রতিটি জেলার খসড়া ভোটার তালিকা আজ থেকে প্রকাশ করা শুরু হচ্ছে। সারা দেশে চূড়ান্ত তালিকা প্রকাশ শেষ হবে আগামী ২৯ এপ্রিল।আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আজ সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানান।নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত সর্বশেষ তালিকায় মোট ভোটার ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন। অর্থাত্ গত দুই বছরে গড়ে ভোটার বৃদ্ধি হয়েছে আড়াই শতাংশের কম। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এই বৃদ্ধিকে স্বাভাবিক বলেছেন। তিনি বলেন, জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে ভোটারের সংখ্যা বৃদ্ধি সামঞ্জস্যপূর্ণ।নির্বাচন কমিশনার বলেন, উপকূলীয় এলাকায় আগে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তিনি জানান, এসব এলাকায় ২০ এপ্রিলের মধ্যে নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে।খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু: কমিশন জানায়, এপ্রিলে তিন ধাপে দেশের ৬৩ জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।এ জন্য প্রথম পর্যায়ে গতকাল ১৭টি জেলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। জেলাগুলো হলো বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার ও চট্টগ্রাম। এসব জেলার ভোটাররা ২৩ মার্চের মধ্যে আপত্তি জানাতে পারবেন। আগামী ১৫ এপ্রিল এসব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।দ্বিতীয় পর্যায়ে ১৫ মার্চ ২০টি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হবে। এগুলো হলো নেত্রকোনা, রাজবাড়ী, গোপালগঞ্জ, নরসিংদী, জামালপুর, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, মাগুরা, নড়াইল, যশোর, ফরিদপুর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট ও কুড়িগ্রাম। এসব জেলার ভোটাররা ৩০ মার্চের মধ্যে আপত্তি জানাতে পারবেন। আগামী ২২ এপ্রিল এসব জেলার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।তৃতীয় ধাপ ও শেষ ধাপে বাকি ২৬ জেলার খসড়া ভোটার তালিকার প্রকাশ হবে। এসব জেলার ভোটাররা ৬ এপ্রিলের মধ্যে আপত্তি জানাতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে ২৯ এপ্রিল।এ ছাড়া ১৫ মার্চ ভোলা জেলার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ঢাকা সিটি করপোরেশন এলাকার চূড়ান্ত ভোটার তালিকা গত ৩ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে।