বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাত কোটি। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ লিখিতভাবে দেওয়া উত্তরে এ কথা বলেন।মন্ত্রী বলেন, দেশে নিবন্ধিত ছয়টি মোবাইল কোম্পানির বর্তমান গ্রাহকসংখ্যা ছয় কোটি ৯৭ লাখ। এর মধ্যে গ্রামীণের তিন কোটি, বাংলালিংকের এক কোটি ৯৭ লাখ, রবির এক কোটি ৩০ লাখ, ওয়ারিদের (বর্তমান নাম এয়ারটেল) ৪০ লাখ, সিটিসেলের ১৮ লাখ এবংসর্বনিম্ন টেলিটকের ১২ লাখ গ্রাহক রয়েছে।এর আগে দুই দিন বিরতির পর বিকেল চারটা ৪০ মিনিটে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।নাজিম উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ল্যান্ড টেলিফোন, ইন্টারনেট, বৈদেশিক টেলিযোগাযোগসহ অন্যান্য টেলিসেবা প্রদান করছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিটিসিএলের আয়ের পরিমাণ হচ্ছে ৪৩৪ কোটি ৭২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা। এর মধ্যে স্থানীয়ভাবে আদায় হয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৪৩৫ টাকা এবং বৈদেশিক অর্থ আদায়ের পরিমাণ ২৩৬ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৭১৫ টাকা।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গ্রামীণ ডাক সার্ভিস উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯ কোটি ৪৩ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ৫২৫টি নতুন ডাকঘর নির্মাণ করা হয়েছে। আরও ১১৬টি ডাকঘর নির্মাণ করা হবে। এ ছাড়া ১০ কোটি তিন লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৬০টি জরাজীর্ণ ডাকঘর সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। আরও ৪৪টি ডাকঘর সংস্কার করা হবে।