বাংলাদেশে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ৪৪০টি। সর্বশেষ বাঘশুমারি ২০০৪ অনুসারে সুন্দরবনে এসব বাঘের বিচরণক্ষেত্র।আজ রোববার জাতীয় সংসদে শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ তথ্য জানান।অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস পাওয়ার কোনো আশঙ্কা নেই। ১৯৭১ সালে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ছিল ৩২০টি। ১৯৭৫ সালে এ সংখ্যা ছিল ৩৫০টি। ১৯৮০ সালে ছিল ৪৩০টি, ১৯৯২ সালে ৩৫৯ এবং সর্বশেষ জরিপে ৪৪০টি।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে ২০টি শীততাপ নিয়ন্ত্রণ কক্ষসহ রেস্তোরাঁ ও ডরমেটরি থাকবে।সশস্ত্র বাহিনীর জন্য ব্যয়: গত পাঁচ বছরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রশিক্ষণ, আবাসিক ও স্বাস্থ্য খাতে ৮০৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য খাতে ৩১৮ কোটি ৬০ লাখ, বাসভবনের জন্য ৩২৯ কোটি এবং প্রশিক্ষণ খাতে ১৫৬ কোটি তিন লাখ টাকা খরচ হয়েছে।সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী এ কে খন্দকার এ কথা বলেন। তবে ২০০৪-০৫ থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত দেওয়া এ তথ্যে প্রতিরক্ষা খাতের কেনাকাটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।এক হাজার ৩০০ কোটি টাকার খাজনা আদায়: সরকারি দলের সাংসদ বজলুল হকের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বলেন, গত আট বছরে এক হাজার ৩৭০ কোটি ৭৮ লাখ ৯৮ হাজার টাকার খাজনা আদায় করা হয়েছে। ২০০১-০২ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত এ খাজনা আদায় করা হয়েছে।