দেশে লিকুইড মানির কোনো সংকট নেই
কর আপিলাত ট্রাইব্যুনালের সাতটি বেঞ্চে বর্তমানে এক হাজার ৪১৯টি মামলা বিচারাধীন আছে।আজ রোববার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।বিএনপির শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আইন অনুযায়ী কর মামলা যে মাসে দায়ের করা হবে, সেই মাসের শেষ তারিখ থেকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। চলতি বছরের জানুয়ারি থেকে দায়ের করা কোনো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ছয় মাস অতিক্রম করেনি।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক গত অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সরবরাহ করা টাকার বিপরীতে ৮২১ কোটি ২৭ লাখ টাকা মুনাফা অর্জন করেছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে লিকুইড মানির কোনো সংকট নেই।’নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ২০১৫ সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা আছে। নাছিমুল আলম চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছয় হাজার ৬১৮ কোটি এবং ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ সাত হাজার ৬৮৫ কোটি টাকা।এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, মোবাইল ফোনের কলরেট পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ওয়ারিদ টেলিকমের শেয়ার হস্তান্তরের অনুমতি দেয়। এ জন্য বিটিআরসি তিন লাখ ৮০ হাজার টাকা ফি আদায় করে। এরই মধ্যে প্রতিশ্রুত ৩০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেশে এসেছে।