দেশে শ্রমশক্তির মধ্যে বেকার ২৬ লাখ: মন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, দেশে মোট শ্রমশক্তির মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ।আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০১০-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী দেশে মোট শ্রমশক্তির সংখ্যা পাঁচ কোটি ৭১ লাখ। এর মধ্যে কর্মক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির সংখ্যা পাঁচ কোটি ৪৫ লাখ এবং কাজ খুঁজছেন এমন শ্রমশক্তির সংখ্যা বা বেকার ২৬ লাখ।কর্মদক্ষতা অনুযায়ী কাজে নিয়োজিতদের মধ্যে কৃষি ও মত্স্য খাতে দুই কোটি ৫২ লাখ, যোগাযোগ এক কোটি ৩৬ লাখ, পেশাজীবী ২৭ লাখ, প্রশাসনিক ব্যবস্থাপনায় সাত লাখ, করণিক ১২ লাখ, বিক্রয়কর্মী ৮৩ লাখ ও সেবাকাজে নিয়োজিত ২৮ লাখ শ্রমশক্তি রয়েছে।মন্ত্রী বলেন, প্রতিবছর বিভিন্ন কর্মক্ষেত্রে প্রায় ১৫ লাখ শ্রমশক্তি শ্রমবাজারে প্রবেশ করে। তবে প্রতিবছর কী পরিমাণ শ্রমশক্তি জাতীয় শ্রমবাজার থেকে বিযুক্ত হচ্ছে, সে তথ্য পরিসংখ্যান বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যভান্ডারে নেই।