দেশে সব আছে, নাই শুধু ইতিহাস: সুরঞ্জিত সেনগুপ্ত
আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘দেশে সব আছে, নাই শুধু ইতিহাস। দেশে যে ইতিহাস আছে, তাকে বলা যায় প্রাগ-ইতিহাস, অসুস্থ ইতিহাস বা বিকৃত ইতিহাস।’ তিনি সমসাময়িক ইতিহাস বিকৃতি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, অতীত ইতিহাস স্থির করতে না পারলে ভবিষ্যত্ ইতিহাস রচনা করা যাবে না। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম পুনর্মিলনীর অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ‘ইতিহাস আমার ভালো লাগা বা ভালো না লাগার বিষয় নয়। বাংলাদেশে অনেক ইতিহাস বিকৃতি হয়েছে। পুরাকীর্তির ইতিহাস নয়, জাতিকে এগিয়ে নেওয়ার ইতিহাস দরকার।’ ইতিহাসের ছাত্র হিসেবে অনুষ্ঠানে ইতিহাস নিয়ে অনেক কথা বলেন তিনি। তাই বলে বাদ যায়নি রাজনীতির কথা। তিনি আরও বলেন, ‘আমাদের এখন দুর্দিন যাচ্ছে। সংসদে এক দল আছে, আরেক দল নাই। দলের মধ্যেও চলছে...। দেশে তো এখন তিন সরকার। জাতীয় সরকার, স্থানীয় সরকার আর জমিরউদ্দিন সরকার। অনুষ্ঠানে এসে দেখি মঞ্চে আছেন সিইসি। আর আমি আছি সবকিছুর মাঝামাঝি।’‘এসো মিলি প্রাণের বন্ধনে’—এ স্লোগানের সার্থকতা প্রমাণ করতেই যেন সকাল থেকেই ইতিহাস বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সবুজ চত্বরে। নবীন-প্রবীণের আগমনে অল্প সময়ের মধ্যেই উত্সবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা টিএসসিতে। চলে বহুদিন পরে দেখা কোনো সহপাঠীকে জড়িয়ে ধরে আবেগের প্রকাশ, পরস্পরের সঙ্গে কুশল বিনিময় আর সুন্দর এ মুহূর্তগুলোকে ক্যামরার ফ্রেমে বন্দী। এসবের মধ্যেই অনাড়ম্বরভাবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা। এরপর টিএসসি মিলনায়তনে শুরু হয় স্মৃতিচারণা। স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্বাধীনতা যুদ্ধের আগের অবস্থা আর পরের অবস্থা এখনোই এক থাকে না। কিন্তু আমরা বিষয়টিকে আমলে না নিয়ে একইভাবে চালানোর চেষ্টা করেছি। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর সবকিছুকে নিয়ন্ত্রণের মধ্যে আনা দরকার ছিল। শুরুতেই “সিস্টেম লস” করা হলো। সেটা আর নিয়ন্ত্রণে আনা গেল না।’ তিনি নির্বাচন কমিশনের সংস্কারের কথা উল্লেখ করে বলেন, ‘কোনো সংস্কারই প্রথমে কেউ গ্রহণ করতে চায় না। সময়ের ব্যবধানে এটি গ্রহণযোগ্য হয়ে ওঠে।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান অভিযোগ করেন, ‘বাংলাদেশে ইতিহাস ঠিকমতো পড়ানো হয় না। ইতিহাসের নামে অন্য ইতিহাস পড়ানো হয়।’ তিনি সবাইকে ইতিহাস পড়া এবং তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী, এ কে এম হেদায়দুল হক, সৈয়দ আবদুর রহিমসহ অনেকেই তাঁদের বিশ্ববিদ্যালয় জীবনের মজার সব ঘটনার স্মৃতিচারণা করেন। আবার অনেকেই ইতিহাস বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারে নানা সুপারিশ উপস্থাপন করেন।