দেশে সরকারই হরতাল করেছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সিপিবি-বাসদ হরতাল আহ্বান করলেও আদতে দেশে সরকারই হরতাল পালন করেছে। আওয়ামী লীগ-সমর্থিত এই হরতাল দেশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সরকারে থাকলেও হরতাল করে, বিরোধী দলে থাকলেও হরতাল করে। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর কবিরহাট পৌর হলে আয়োজিত যুবদল ও ছাত্রদলের সদর পূর্বাঞ্চল ও কবিরহাট উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি হাসান মাহবুব তানসেন।মওদুদ আহমদ আরও বলেন, ‘বিরোধী দল হরতাল ডাকলে সরকার এর বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত করে। যে সরকার বা রাজনৈতিক দল এ ধরনের স্ববিরোধিতায় নিয়োজিত থাকে, তারা জনগণের মন কোনো দিন জয় করতে পারে না। আমরা এই সরকারি হরতালের নিন্দা জানাই।’পদ্মা সেতু প্রকল্প দুর্নীতি মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনকে বাদ দেওয়ার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও মামলায় বিশ্বব্যাংক আর আস্থা রাখবে না। সুতরাং, এ সরকারের আমলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন করবে না। ফলে এ সরকারের আমলে পদ্মা সেতুর কাজ হবে না। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে একটা নয়, দুটি পদ্মা সেতু করব, ইনশাআল্লাহ।’