দেশে সর্বগ্রাসী সংকট চলছে: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে আজ সর্বগ্রাসী সংকট চলছে। দ্রব্যমূল্য, বাসভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে মানুষ দিশেহারা। দফায় দফায় বেড়ে চলছে জ্বালানি গ্যাস, বিদ্যুতের মূল্য। শেয়ারবাজারে লুণ্ঠন করা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুঁজি।আজ বুধবার গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন এসব কথা বলেন।ড. কামাল বলেন, দলীয়করণ ও অযোগ্যদের নিয়োগের কারণে ভেঙে পড়ছে বিচার বিভাগ ও প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিস্তা, টিপাই বাঁধ ও ট্রানজিট নিয়ে সংসদে স্বচ্ছতার সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। অকারণে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্র ও সরকারের সব প্রতিষ্ঠানে দুর্নীতি সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এমন পরিস্থিতিতে সমাজ, সভ্যতা ও দেশ বাঁচাতে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিবেকবান নাগরিকদের ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান তিনি।সভায় গণফোরাম নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম খান, আবদুর রউফ, মো. সামসুদ্দোহা, এস এম আলতাফ হোসেন, মোকাবিব্বর খান, সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসীন প্রমুখ।