দেশে সোয়াইন ফ্লুর টিকার ব্যবহার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) ভাইরাসের প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) ভাইরাসের সংক্রমণ সোয়াইন ফ্লু নামে পরিচিত। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডি ও সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী নিজে এ টিকা নেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সরকার সোয়াইন ফ্লুর টিকা পেয়েছে। আগামী জুন মাসের মধ্যে ৩০ লাখ মানুষকে এ টিকা দেওয়া হবে। প্রথম পর্যায়ে কর্মসূচির স্বাস্থ্যকর্মী, গর্ভবতী মহিলা এবং ছয় মাসের বেশি বয়সী যেসব শিশু জটিল অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছে, এমন শিশুকে এ টিকা দেওয়া হবে। এ টিকার কার্যকারিতা হবে নয় মাস থেকে এক বছর।অনুষ্ঠানে রুহুল হক বলেন, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমের কল্যাণে সোয়াইন ফ্লু গুরুতর ক্ষতি করতে পারেনি। তিনি বলেন, ‘আমাদের আরও সচেতন হতে হবে।’ স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান বলেন, সাধারণ মানুষ যাতে সোয়াইন ফ্লু টিকা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে।অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দুয়াংভাদি সাঙ্খোবল বলেন, টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সাফল্য সারা বিশ্বে স্বীকৃত। নতুন টিকা ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ সাফল্য লাভ করবে। অনুষ্ঠানে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান বলেন, এ বছর প্রথম চার মাসে ১৭৮ জন সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন গর্ভবতী নারী মারা গেছেন।