দেশে হূদরোগে আক্রান্ত মাত্র ১০ শতাংশ রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে
দেশের ২০ থেকে ২৫ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক উচ্চরক্তচাপে ভুগছে। ১০ শতাংশ রোগী বিভিন্ন ধরনের হূদরোগে ভুগছে। তবে হাসপাতালের স্বল্পতা, চিকিৎসকের সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় মাত্র ১০ শতাংশ রোগীকে বর্তমানে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে।আজ শনিবার সার্ক কংগ্রেস অব কার্ডিওলজি ২০১০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই কংগ্রেসের আয়োজন করে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও সার্ক কার্ডিয়াক সোসাইটি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষ হূদরোগে বেশি আক্রান্ত হয়। দেশে হূদরোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তিনি বলেন, দেশে হূদরোগের পরীক্ষা ও চিকিত্সা যে জটিল ও ব্যয়বহুল, তা অস্বীকার করার উপায় নেই। এমনিতেই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসাব্যবস্থা নেই। তার ওপর ভালো হাসপাতালগুলো সব ঢাকাতেই। এ কারণে হূদরোগের চিকিৎসাব্যবস্থা ও হাসপাতাল জেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করতে হবে। রোগমুক্ত সমাজ গঠনে সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘সারা দেশের হাসপাতালগুলোতে এখনো পর্যাপ্ত চিকিৎসক ও দক্ষ জনবলের অভাব রয়েছে। এ কারণে জেলা পর্যায়ে হূদরোগের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে জেলা হাসপাতালগুলোতে হূদরোগের চিকিৎসাসেবা দেওয়ার জন্য আমরা কাজ করছি।’ তিনি বলেন, হূদরোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগী হতে হবে। তাহলে হূদরোগে আক্রান্তের সংখ্যা অনেক কমে যাবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান বলেন, বর্তমানে দেশে দেড় হাজার শিক্ষকের পদ খালি রয়েছে। শিক্ষাদান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া উচিত।বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও সার্ক কার্ডিয়াক সোসাইটির মহাসচিব খাজা নাজিরউদ্দিন বলেন, হাসপাতালের স্বল্পতা এবং চিকিৎসক, সেবিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় হূদরোগে আক্রান্ত মানুষের মধ্যে মাত্র ১০ শতাংশকে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে। দেশের সব মেডিকেল কলেজে কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার প্রস্তাব করেন তিনি।সার্ক কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি এবং সোসাইটির পরবর্তী সভাপতি অমল কুমার ব্যানার্জি বলেন, ভারত ও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ হূদরোগের ভালো চিকিৎসাসেবা পায় না। তাই প্রত্যন্ত অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা দিতে সরকারকে কর্মসূচি নিতে হবে।বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি ও সার্ক কার্ডিয়াক সোসাইটির সভাপতি এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএমএর মহাসচিব শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সহসভাপতি আবু হোসেন খান প্রমুখ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, আমেরিকা, যুক্তরাজ্য ও ফ্রান্স থেকে আসা কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনরা কংগ্রেসে উপস্থিত ছিলেন।