দেশে ১৫ মার্চ থেকে আদমশুমারি শুরু
সারা দেশে আগামী ১৫ মার্চ থেকে আদমশুমারি শুরু হবে। আদমশুমারি ১৯ মার্চ পর্যন্ত চলবে। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার এ কথা বলেন।মন্ত্রী আরও বলেন, আদমশুমারির সঙ্গে গৃহ গণনার কাজও চলবে। এ জন্য সারা দেশকে তিন লাখ ৩০ হাজার গণনা এলাকায় ভাগ করা হয়েছে। ৬০ হাজার তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) এ জন্য কাজ করবেন। শুমারিতে দেশের সব পরিবারের জন্য আটটি প্রশ্ন ও ব্যক্তি পর্যায়ে ১৪টি প্রশ্নের মাধ্যমে মৌলিক তথ্য সংগ্রহ করা হবে। শুমারি শেষ হওয়ার তিন মাসের মধ্যে আদমশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এ আদমশুমারির কাজে ১৮৭ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী জানান। এর মধ্যে সরকারি টাকা ৮৭ কোটি ও প্রায় ১০০ কোটি টাকার বিদেশি অনুদান রয়েছে।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আরও বলেন, শুমারি থেকে পাওয়া তথ্য জাতীয় সংসদসহ সব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, সম্পদের সুষম বণ্টন ও উন্নয়ন প্রকল্প প্রণয়নে সহায়ক হবে। তিনি এ জন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পরিসংখ্যানসচিব রীতি ইব্রাহিম, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পরিসংখ্যান ব্যুরোর অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা প্রমুখ বক্তব্য দেন। প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০০১ সালে আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে এটি পঞ্চম আদমশুমারি হবে।