দেশেই অস্থিমজ্জা প্রতিস্থাপন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেছেন, আগামী জুনের আগেই দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপন করা সম্ভব হবে। তিনি বলেন, প্রতিবছর ক্যানসারে আক্রান্ত অনেক রোগী বিদেশে গিয়ে অস্থিমজ্জা প্রতিস্থাপন করছে, যা অত্যন্ত ব্যয়বহুল। খবর বাসসের। স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশে চিকিত্সক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি ও কারিগরি সুবিধা দিলে রোগীরা উপকৃত হবে। দেশে অতি উন্নত ও জটিল প্রযুক্তির এই প্রতিস্থাপনপ্রক্রিয়া চালু হলে দরিদ্র রোগীরা বেশি উপকৃত হবে।আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে আলাদা ইউনিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এ এফ এম সাইফুল ইসলাম এবং এমজিএইচের পক্ষে ডেভিড হ্যাংসবার্গ স্মারকে স্বাক্ষর করেন।অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুহম্মদ হুমায়ুন কবির, এমজিএইচ সেন্টার ফর গ্লোবাল হেলথের পরিচালক ডেভিড হ্যাংসবার্গসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও এমজিএইচের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।