দেশের অগ্রগতিতে পাটিগণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা পাটিগণিতে দুর্বল, তাদের নাকি আয়-রোজগার কম। খরচও করে কম। রোগ-ব্যাধিতে ভুগে নাকাল হয় বেশি। আবার আইন লঙ্ঘন করে ঝামেলায় পড়ার আশঙ্কাও বেশি। বিজ্ঞানীরা বলছেন, শুধু ব্যক্তিপর্যায়ে নয়, পাটিগণিতে অপটু হলে একটি দেশও পিছিয়ে পড়তে পারে। কমে যায় জাতীয় আয়, ব্যাহত হয় দেশের উন্নয়নও।বিজ্ঞানীরা বিস্তর গবেষণা করেই তারপর এমন কথা বলেছেন। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শশাঙ্ক শর্মা, লন্ডনের ইউনিভার্সিটি কলেজের ব্রায়ান বাটারওয়ার্থ ও লন্ডন ইউনিভার্সিটির অধ্যাপক ডায়না লরিলার্ড। গতকাল শুক্রবার বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা।ব্রিটিশ সরকারের একটি সমীক্ষা উদ্ধৃত করে গবেষকেরা জানান, ব্রিটেনে পাটিগণিতে দুর্বলতার কারণে প্রতিবছরের জাতীয় আয়ে ক্ষতি হয় ২৪০ কোটি পাউন্ড। আর জাতিসংঘের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) কয়েকটি দেশে সমীক্ষা চালিয়ে দেখেছে, পাটিগণিতে পারদর্শিতা বাড়াতে পারলে জাতীয় আয় ০.৮৭ থেকে ১.৫৫ শতাংশ বাড়ে।গবেষকেরা জানিয়েছেন, পাটিগণিতে দুর্বলতা আসলে একটি রোগ, যার নাম ডিসক্যালকুলিয়া। গ্রিক ‘ডিস’ আর ল্যাটিন ‘ক্যালকুলিয়া’র অর্থ যথাক্রমে ‘খারাপ’ ও ‘সংখ্যা গণনা’। তার মানে, ডিসক্যালকুলিয়া অর্থ দাঁড়ায় সংখ্যা গণনায় দুর্বল।অধ্যাপক বাটারওয়ার্থ বলেন, ‘এই ব্যাধিগ্রস্ত মানুষ যোগ-বিয়োগ, গুণ-ভাগ করতে প্রায়ই হোঁচট খায়। খুচরা পয়সা গুনতে ভুল করে। ছোট-বড় সংখ্যা চিনতে ভুল করে। যেমন, ৩, ৮ ও ৯ অঙ্কগুলো ক্রমানুযায়ী সাজাতে বললে ভুল করে বসে। আবার যদি ৭০-এর পর ১০ ব্যবধানে সংখ্যা গুনতে বলা হয়, তাহলে তারা গুনবে এভাবে—৭০, ৮০, ৯০, ১০০, ২০০, ৩০০।’বিজ্ঞানীরা বলছেন, ডিসক্যালকুলিয়া একটি ব্যাধি হলেও বহুকাল পর্যন্ত মানুষ তা আমলেই নিত না। বলত, মানুষটা আসলে হাবাগোবা। ১৯৭৪ সালে চেকোস্লোভাকিয়ার স্নায়ুরোগ বিশেষজ্ঞ লাদিস্লাভ কস্ক প্রথম প্রমাণ করেন এটি আসলে একটি রোগ। এটি ডিসলেক্সিয়া বা শব্দান্ধতা রোগটির বেশ কাছাকাছি। বংশানুক্রমে অনেকে এ রোগে আক্রান্ত হয়। বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ডিসক্যালকুলিয়া রোগাক্রান্তের হার ৫ থেকে ৭ শতাংশ। দ্য ইনডিপেনডেন্ট ও এবিসি নিউজ।