দেশের অবস্থা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণ নেই: ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, দেশের সার্বিক অবস্থা নিয়ে জনগণের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। তবে কিছু লোকের বিরোধিতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য আমাদের আরও অনেক বেশি কাজ করতে হবে।গতকাল রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা এসব কথা বলেন। সাংবাদিক স্টিভ ক্রফটকে দেওয়া সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ওবামা বলেন, অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তাঁর দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রয়োজন। গত দুই দশকে আমেরিকার অর্থনীতিতে যেসব সমস্যা পুঞ্জীভূত হয়েছে, তা দূর করার জন্য এক মেয়াদের চেয়ে বেশি সময় প্রয়োজন। ব্যাপক জনপ্রত্যাশা নিয়ে ২০০৮ সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা এখন নিম্নমুখী। টানা কর্মহীনতা ও অর্থনৈতিক অস্থিরতায় মার্কিন জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। জরিপে দেখা গেছে, ৫৪ শতাংশ মার্কিনি মনে করে প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্নির্বাচনের যোগ্যতা রাখেন না। আগামী নভেম্বরে তাঁর পুনর্নির্বাচন নিয়ে সমর্থক-শুভানুধ্যায়ীদের মধ্যেই সংশয় কাজ করছে। তবে সাক্ষাত্কারে ওবামা জনগণের এ বিরূপ মনোভাব প্রত্যাশিত বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে অতিরিক্ত প্রতিশ্রুতি দেননি উল্লেখ করে ওবামা বলেন, ‘সমস্যা থেকে উত্তরণ যে সহজ নয়, তা আমিও জানতাম।’ নিজের শুরু করা সব কাজ সমাপ্তির জন্য পুনর্নির্বাচিত হতে চান তিনি।অর্থনৈতিক সংস্কার, উচ্চ আয়ের লোকজনদের ওপর কর বৃদ্ধি নিয়ে কংগ্রেসের সঙ্গে তীব্র মতপার্থক্য চলছে প্রেসিডেন্ট ওবামার। রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস আইনপ্রণেতাদের সঙ্গে ঐক্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন তিনি। স্বল্প ও মাঝারি আয়ের লোকজনকে কর রেয়াত দেওয়ার পক্ষে প্রেসিডেন্ট ওবামা। রিপাবলিকানদের মতে, উচ্চ আয়ের লোকদের ওপর কর বৃদ্ধি করলে ব্যবসা ও বিনিয়োগে প্রভাব পড়বে। কর্মসংস্থানের ওপর আরও বিরূপ প্রভাব পড়বে।কংগ্রেসের সঙ্গে বৈরী সম্পর্কের প্রসঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামা সাক্ষাত্কারে বলেন, রিপাবলিকান আইনপ্রণেতারা মনে করছেন, ওবামার জনপ্রিয়তায় বাগড়া দিতে হবে। অর্থনীতিকে দুর্দশাগ্রস্ত করার উদ্দেশ্যে কিছু না করে সময় ক্ষেপণের পন্থা গ্রহণ করেছে রিপাবলিকানরা। তাঁরা মনে করছেন, অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে এবং এর জন্য ওবামাকে দোষারোপ করা যাবে।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি স্থির লক্ষ্যের মানুষ। বিষয়টি প্রেসিডেন্ট হওয়ার আগে যেমন সত্য ছিল, প্রেসিডেন্ট হওয়ার পরও তা সত্য। আমি আমার লক্ষ্যে অবিচল ছিলাম এবং থাকব।’