দেশের অর্থনীতি ভালো আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতি ভালো আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমরা অর্থনীতিকে সচল রাখতে সক্ষম হয়েছি। বিশ্ব যা পারেনি, আমরা তা করতে পেরেছি।’ গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪০তম সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দেশে তারল্যসংকট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, টাকা নেই, টাকা নেই। টাকা থাকবে না কেন? মোবাইল ফোন কোম্পানির লাইসেন্স নবায়ন করে আমরা হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরও কয়েক হাজার কোটি টাকা আসবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছে, দেশের অর্থনীতির সর্বনাশ হয়ে গেছে। আমি আশ্বাস দিতে চাই, দেশের অর্থনীতি ভালো আছে। বিশ্বব্যাপী উন্নত দেশগুলোকে মন্দা মোকাবিলা করতে হচ্ছে। আমাদের সে রকম মোকাবিলা করতে হচ্ছে না। আমরা অর্থনীতিকে যথেষ্ট সচল রাখতে পেরেছি। আমাদের সীমিত সম্পদের মধ্য দিয়েই দেশের অর্থনীতি সুষ্ঠুভাবে পরিচালনা করে যাচ্ছি।’ বিদ্যুতে ভর্তুকি নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ খাতে ভর্তুকি দেওয়া নিয়ে সংবাদপত্রে স্বনামে-বেনামে নিবন্ধ লেখা হচ্ছে। বলা হচ্ছে, ভর্তুকির কী দরকার ছিল। বিদ্যুৎ উৎপাদন বাড়ালাম—এটা কিছু নয়, ভর্তুকিটা অপরাধ। যদি ৩৪টা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ না করতাম, তাহলে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে নিবন্ধ লেখার সুযোগ পেতেন না। সে জন্য বিদ্যুৎ বিভাগকে বলেছি, এরপর যে-ই লিখবে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ। বিদ্যুৎ না থাকলে কষ্টটা কী, তা তাকে বুঝতে হবে। তাহলে এ নিয়ে আর লিখবে না। আমরা কষ্ট করে উৎপাদন বাড়ালাম তার প্রশংসা নেই, অথচ আমাদের বাড়ানো বিদ্যুতে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে লিখে ফেলল— বিদ্যুতে ভর্তুকি দিয়ে সর্বনাশ হয়ে গেছে।’ বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুতের দাম বাড়লে চিৎকার শুনি। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন লাইনের জন্যও খরচ আছে।’ বস্তিগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহূত হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অবৈধ সংযোগ নিয়ে বস্তিগুলোতে অনেকের সংসারের দৈনন্দিন কাজ চলে। এগুলো আমরা কিছু দেখি, আবার কিছু দেখেও দেখি না। এই ছিন্নমূল মানুষগুলোকে তো রান্না করে খেতে হবে।’ শীতাতপযন্ত্রের ব্যবহার পরিমিত করতে গ্রীষ্ম মৌসুমে সরকারি কর্মকর্তাদের স্যুট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, এতে ব্যাপকভাবে দারিদ্র্য নিরসন হবে। দেশে সমবায়ী সদস্যের সংখ্যা ৯০ লাখ। একসঙ্গে কাজ করলে বিপুল জনগোষ্ঠী জীবনযাত্রার মান বদলে দিতে পারে।অনুষ্ঠানে ২০০৯ ও ২০১০ সালের ১৮ জন ব্যক্তি এবং ২০টি প্রতিষ্ঠানকে জাতীয় সমবায় পুরস্কার দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রী ঢাকা মহানগর পল্লি উন্নয়ন ও সমবায় মেলায় অংশগ্রহণকারী ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন এবং সারা দেশে সমবায় মেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা জাতি হিসাবে ধীরস্থির অবস্থায় থাকি না। একটা সরকার আসার পর বৈধ ও অবৈধ পথে সরকারকে উৎখাত করতে চাই। এভাবে সোনার বাংলা হবে না।’” সমবায়ের মাধ্যমে উপকৃত নারী রহিমা বেগম অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি জানান, কারও সাহায্য ছাড়াই তিনি এখন সাতটি যানবাহনের মালিক হয়েছেন। পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সমবায় অধিদপ্তরের নিবন্ধক মুশফেকা ইফফাৎ এবং জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি শেখ নাদির হোসেন।