দেশের অর্থনীতি ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতিকে ভালো রাখাই হলো ভালো রাজনীতির লক্ষণ। কিন্তু দেশের অর্থনীতি ভালো নেই। আর্থিক নীতিতে রয়েছে বিস্তর অব্যবস্থাপনা। আবার এই নীতি প্রণয়নে অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে। শেয়ারবাজারে ধসই এর অন্যতম উদাহরণ। সব মিলিয়ে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আতঙ্কজনক না হলেও বলা যেতে পারে উদ্বেগজনক।ডেইলি স্টার আয়োজিত ‘অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল বৃহস্পতিবার দেশের অর্থনীতিবিদ ও গবেষকেরা এসব কথা তুলে ধরেছেন।অর্থনীতিবিদেরা উদ্বেগের সঙ্গে বলেন, ব্যাংকের সব সিদ্ধান্ত নেন এখন পর্ষদে নিযুক্ত রাজনৈতিক পরিচালকেরা। ব্যাংক থেকে ব্যবস্থাপনা পরিচালকদের স্বাধীনতা খর্ব হয়ে গেছে। পরিচালকদের হস্তক্ষেপ বন্ধ হওয়াটা দেশের আর্থিক শৃঙ্খলার জন্যই জরুরি।সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বৈঠকের সঞ্চালক ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বৈঠকে প্রবন্ধ উপস্থাপনের কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তবে প্রবন্ধটি বৈঠকে বিতরণ করা হয়।আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ, বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।ওয়াহিদউদ্দিন মাহমুদের প্রবন্ধে বলা হয়, সামস্টিক অর্থনীতিতে শৃঙ্খলা থাকাটা খুব জরুরি। অথচ রাজনৈতিক চাপে তা কিছুটা ক্ষয় হয়ে যাচ্ছে বলে মনে হয়। শেয়ারবাজারে ধস এর একটি অন্যতম উদাহরণ। নীতিনির্ধারকদের ভুলের কারণে অর্থাৎ শেয়ার কিনতে নিয়মবহির্ভূত ব্যাংক ঋণ দেওয়া এবং যথাযথ ও সময়োপযোগী আইনি পদক্ষেপ না নেওয়ার কারণেই শেয়ারবাজারের আজকের এই পরিণতি। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতির কারণে সামস্টিক অর্থনীতিতে টান টান অবস্থা তৈরি হয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। বলা হয়, ভর্তুকি দিয়ে উচ্চমূল্যের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। যা চালাতে গিয়ে আমদানি করতে হয়েছে জ্বালানি তেল। আগামী দিনে বিদ্যুৎকেন্দ্রগুলো চালানোর ক্ষেত্রেও বিষয়টি মনে রাখতে হবে। আর্থিক ব্যবস্থাপনা: মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার জন্য মুদ্রানীতিকে গভীরভাবে নজরে রাখতে হবে। সরকারকে জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে অর্থনীতির স্বার্থেই। এ জন্য দরকার সুদৃঢ় সরকারের রাজনৈতিক সদিচ্ছা। ফরাসউদ্দিন বলেন, সম্প্রতি নতুন বিপদ তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তো বটেই, কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যন্ত টাকা ধার করছে সরকার। এমন ধারের মানে হলো, ছাপাখানা থেকে টাকা ছেপে নেওয়া। এম কে মুজেরী বলেন, দেশের আর্থিক ব্যবস্থাপনা ঠিকমতো চলছে না। কারণ, নীতিনির্ধারণে বড় ধরনের সামঞ্জস্যহীনতা রয়েছে। মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে কোনো সংযোগ নেই। রাজস্বনীতি চলছে উদ্দেশ্যহীনভাবে। মুদ্রানীতিরও একই অবস্থা। সরকার ঋণ করবে ভালো কথা। কিন্তু তার সংস্থান কোত্থেকে হবে, স্পষ্ট পরিকল্পনা থাকে না।মোস্তাফিজুর রহমান বলেন, সামস্টিক অর্থনৈতিক পরিস্থিতি আতঙ্কজনক না হলেও প্রকৃতপক্ষেই তা উদ্বেগজনক। বহিঃখাত বিশাল ঝুঁকির মধ্যে রয়েছে। আন্ডার ও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা দেশ থেকে পাচার হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন তিনি। জায়েদ বখত বলেন, আমদানি দিন দিন বাড়ছেই। যদিও তা বিদ্যুৎকেন্দ্রের মূলধনী যন্ত্রপাতি ও জ্বালানি তেলের কারণে। কিন্তু এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। আবার পণ্যের বহুমুখীকরণ না থাকায় রপ্তানি তেমন বাড়ছে না। রেমিট্যান্স প্রবাহের (প্রবাসী আয়) গতিও শ্লথ। ফলে লেনদেনের ভারসাম্যে সংকট তৈরি হয়েছে।সাদিক আহমেদ বলেন, বাংলাদেশ একটি আমদানি-প্রধান দেশ। হাতেগোনা দুর্ভাগা কয়েকটি দেশের একটি হলো বাংলাদেশ, যার চলতি হিসাব নেতিবাচক।বিদ্যুৎ ও কয়লা: মির্জ্জা আজিজ বলেন, আমরা জানি, সমস্যা কী এবং সমাধানই বা কী। কিন্তু জানি না, কীভাবে তা বাস্তবায়ন করতে হবে। তিন থেকে পাঁচ বছরের ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা থাকলেও তা পরে ১৫ বছরের হয়ে যাওয়াটা ঠিক হয়নি। ফরাসউদ্দিন বলেন, বিশ্বের বড় বড় বিদ্যুৎকেন্দ্র কয়লাভিত্তিক। আমাদের দেশেও কয়লাভিত্তিক বড় বিদ্যুৎকেন্দ্র করা যায়, যাতে শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।এম কে মুজেরী বলেন, দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন একটা আপাত সমাধান। কয়লা তোলা নিয়ে বহু বছর থেকেই কথা হচ্ছে। ইদানীং আরেকটি কমিটি হয়েছে, যাতে আমার নামও আছে। এর কী যৌক্তিকতা আছে জানি না। মূল্যবান সময় নষ্ট হচ্ছে। দীর্ঘসূত্রতার চরম মূল্য দিতে হয়, দিচ্ছিও।মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৫ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুতের দরকার হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া এ চাহিদা মেটানো অসম্ভব।ভর্তুকি ও মূল্যস্ফীতি: মির্জ্জা আজিজ বলেন, ভর্তুকি নিয়ে বিশ্লেষণ দরকার। আর সাংসদেরা জানেন না যে ভর্তুকি কী। সর্বসাধারণের জন্য ভর্তুকি দেওয়ার পথ থেকে সরে আসতে হবে। কারণ, সারে ভর্তুকি দেওয়ার কারণে যাঁর টাকা বেশি আছে, তিনি বেশি সার কিনছেন। ফলে প্রকৃত জায়গায় ভর্তুকি যাচ্ছে না। ফরাসউদ্দিন বলেন, উচ্চ মূল্যস্ফীতি দেশের জন্য নতুন কিছু নয়। আগেও যেমন ছিল, এখনো আছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে তা মোকাবিলা করা সম্ভব।মোস্তাফিজুর রহমান বলেন, দিন দিন আমরা যে রাস্তায় যাচ্ছি, তাতে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। একে নিয়ন্ত্রণ করাই এখন ১ নম্বর সমস্যা।জাহিদ হোসেন বলেন, ‘ভর্তুকি কমানোর জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। অনেকে বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তা করা ঠিক হলো কি না। আমি মনে করি, কিছুটা বেদনাদায়ক হলেও এ ছাড়া কিছু করার নেই।জায়েদ বখত বলেন, সরকারি ব্যয় নিয়ন্ত্রণের প্রশ্ন এলেই অনেকে ভর্তুকি কমানোর কথা বলেন। কিন্তু অন্য অনেক খাতে যে বিপুল পরিমাণ অপচয় হচ্ছে, তা কেউ আমলে আনেন না।যোগাযোগ খাত ও এডিপি: ফরাসউদ্দিন বলেন, সার্বিক উন্নয়নের জন্য অবকাঠামো খাত অর্থাৎ রেল, সড়ক ও নৌ যোগাযোগের উন্নয়ন জরুরি। রেলপথের ব্যাপারে মহাপরিকল্পনা করার পরামর্শ দেন তিনি। জাহিদ হোসেন বলেন, বিশ্বের রাস্তা-ঘন দেশের অন্যতম বাংলাদেশ। অথচ সড়ক ও জনপথের জন্য এডিপিতে বরাদ্দ খুব বেশি নেই। রেলপথ আরামদায়ক হলেও, এর উন্নয়নেও কিছুই করা হচ্ছে না।জায়েদ বখত বলেন, অগ্রাধিকারভিত্তিতে এডিপি প্রকল্প হাতে নিতে হবে। অনেক ক্ষেত্রেই সাংসদেরা রাজনৈতিক কারণে নতুন প্রকল্প নেন, যা পরে হরিলুট হয়।দেশীয় অর্থায়নের তুলনায় বিদেশি অর্থায়নপুষ্ট প্রকল্প আগে বাস্তবায়নের পরামর্শ দেন এম কে মুজেরী।