দেশের অর্থনৈতিক মুক্তির প্রধান বাধা দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দেশ স্বাধীন হলেও কোনো অর্থনৈতিক মুক্তি হয়নি। আর এ ক্ষেত্রে প্রথম ও প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। সরকারি-বেসরকারি প্রতিটি স্তরে দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। দুদকের একার পক্ষে এগুলো প্রতিরোধ করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেছেন। কমিশনের চেয়ারম্যান সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে এক হওয়ারও আহ্বান জানিয়েছেন। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দুদক কার্যালয়ে ‘দুর্নীতি দমনে পারস্পরিক সহযোগিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেস স্টাডিজ বিভাগের পরিচালক মনজুর হাসান। আর অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দুদক-সচিব ফয়জুর রহমান।সেমিনারে অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, দুর্নীতি নিয়ে কথা হচ্ছে কিন্তু কোনো গবেষণা হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনের উচিত বিভিন্ন কেস স্টাডি করে কীভাবে দুর্নীতি ঘটে, কেন ঘটে এবং সেগুলো কীভাবে প্রতিরোধ করা যায়, তা বের করা। তাতে দুর্নীতি রোধ করা সম্ভব হবে। আর দুদক আইনের রিসার্চ সেল থাকলেও সেটা কার্যকর নয় বলে তিনি অভিযোগ করেন । মোজাফফর আহমেদ আরও বলেন, দুদকের যদি এই সেল চালু করতে টাকা লাগে, তবে সরকার অবশ্যই তা দেবে। সরকারি সিস্টেমের ভেতর গলদ আছে অভিযোগ করে তিনি বলেন, এই গলদ দূর করার জন্য দুদক একা কাজ করে সফল হবে না। এখানে সরকারি, বেসরকারিসহ সর্বস্তরের জনগণের সাহায্য প্রয়োজন। দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বলেও তিনি পরামর্শ দেন।