দেশের ঈদ, প্রবাসের ঈদ
দেশের ঈদ আর প্রবাসের ঈদের মধ্যে ফারাকটা বড় বেশি। যারা প্রথম প্রজন্মের প্রবাসী, তাদের কাছে ঈদটা নস্টালজিক। তাদের মনে পড়ে দেশে ফেলে আসা শৈশব-কৈশোরের অনাবিল ঈদ-আনন্দের স্মৃতি। ফেলে আসা পরিবার আর স্বজনের জন্য বেদনার হাহাকার।পশ্চিমের দেশে জন্ম বা বড় হওয়া বাংলাদেশি প্রজন্মের কাছে ঈদ এক মিশ্র আনন্দ-উৎসবের দিন। স্বজন-পরিবারের সান্নিধ্যে থাকা, নিজস্ব ধর্ম আর সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার একটি দিন।বহু জাতি-গোষ্ঠীর অভিবাসনের দেশ যুক্তরাষ্ট্র। এই দেশে দিন দিন মুসলমান অভিবাসীর সংখ্যা বেড়ে চলছে। পরিসংখ্যান বলছে, এ ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে বিশ্বের শক্তিধর এ রাষ্ট্রে মুসলমান ধর্মাবলম্বীরাই নীতি-নির্ধারণী জনগোষ্ঠীতে পরিণত হবে।গত দুই দশকে ব্যাপকসংখ্যক বাংলাদেশি অভিবাসীর সমাগম ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশের পাট গুটিয়ে আসা লোকজনের পরিবার বর্ধিত হচ্ছে দিনে দিনে। উৎসব-আনন্দের দিনে যুক্তরাষ্ট্রের বাংলাদেশিবহুল নগরগুলো হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।এখানে ঈদ-উৎসবে ঘরে ফেরায় বিড়ম্বনা নেই। লঞ্চ, স্টিমার, বাস-ট্রেনে ঝুঁকি নিয়ে যাত্রার ঝামেলা-বিড়ম্বনা নেই। যুক্তরাষ্ট্রে এবার রোববার ঈদ হওয়ায় সবার মধ্যেই ছিল বাড়তি আনন্দ। ঈদগাহ না থাকলেও প্রতিটি নগরে এবার খোলা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ঈদের দিন দেশে রেখে আসা স্বজনদের জন্য মনটা কেমন করে। যদিও ফোন-ইন্টারনেটের এই যুগে সবাই আনন্দের দিনে স্বজনদের সঙ্গে কথা বলে, শুভেচ্ছা বিনিময় করে, তার পরও তাদের সান্নিধ্যের জন্য মনে এক ধরনের হাহাকার সৃষ্টি হয়। দেশের স্বজনদের তো আর কাছে পাওয়া যাবে না। এক যুগ ধরে অভিবাসী চট্টগ্রামের মেয়ে ফারজানা ইয়াসমিন (২৮) তাই এবার বন্ধুর পরিবারের সঙ্গে ঈদ করতে নিউজার্সি পাড়ি দিয়েছেন।ঈদে প্রবাসীরা সাজেন দেশের উৎসব সাজে; ছেলেরা পাজামা-পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি-চুড়িতে। একে অন্যের খোঁজ নিয়েছেন, বেড়াতে গেছেন। সেমাই, জর্দা, পোলাও আর দেশি পিঠা-পায়েস দিয়ে আপ্যায়িত করছেন সবাই।