প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার আরেক মেয়াদ ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে দেশে সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।প্রধানমন্ত্রী নাটোরবাসীর দোয়া ও সমর্থন চেয়ে বলেন, আওয়ামী লীগকে ভোট দিলে দেশ এগিয়ে যায়। মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি ক্ষমতায় এলে দেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়।গতকাল রোববার বিকেলে নাটোর জেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সাধারণ সম্পাদক হানিফ আলী শেখের স্মরণে কানাইখালী মাঠে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।২৬ মিনিট স্থায়ী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জাতিকে শুধু লাশ উপহার দিয়েছে। ক্ষমতায় থেকে তারা নাটোরের মমতাজ, বনপাড়ার চিকিৎসক আয়নাল হকসহ আওয়ামী লীগের বহু নেতা-কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। এ এলাকা থেকেই তারা জঙ্গিবাদের জন্ম দিয়েছে।শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ছেলেদের কী শিক্ষা দিয়েছেন? ছেলের দুর্নীতির সাক্ষ্য দিতে এফবিআইসহ বিদেশিরা আসছেন। এর চেয়ে আর লজ্জার কী থাকতে পারে?প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভবিষ্যতে মাধ্যমিক শিক্ষার্থীদের বিনা মূল্যে বই সরবরাহ করব। অর্থের অভাবে যেন কেউ পড়ালেখা থেকে বঞ্চিত না হয়, সে জন্য শিক্ষাসহায়তা ট্রাস্ট গঠন করব।’শেখ হাসিনা বলেন, ‘আগের মেয়াদে আমরা ১০ টাকা কেজি চাল খাইয়েছি। বিএনপি ক্ষমতায় এসে সেই চালের কেজি ৪০ টাকা করেছে। তত্ত্বাবধায়ক সরকার ৪৫ টাকা করেছে। এখন দেশের মানুষ ২২-২৩ টাকা কেজি দরে চাল কিনতে পারছে।’প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থেকে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তারা শুধু খাম্বা দিয়েছিল। আর এ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাদের মুখে বিদ্যুৎ উৎপাদনের দাবি মানায় না।প্রধানমন্ত্রী রাজশাহীর পাশাপাশি নাটোরেও গ্যাস সরবরাহের আশ্বাস দেন। তিনি নলডাঙ্গা থানাকে উপজেলা করারও প্রতিশ্রুতি দেন।জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর-৪ আসনের সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।এর আগে প্রধানমন্ত্রী ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কানাইখালী মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রটি নির্মাণ করা হবে নাটোর শহরের বারভিটায়।পুলিশকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে: বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেন। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী অপরাধের ধরন পাল্টে যাওয়ার প্রেক্ষাপটে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগের মাধ্যমে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ডে নতুন কৌশল-প্রযুক্তি ব্যবহার করছে। এ জন্য আন্তর্জাতিক ও ধর্মীয় জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, সাইবার ক্রাইম, মানি লন্ডারিংসহ নতুন নতুন অপরাধ দমনে পুলিশ বাহিনীকে নতুন কৌশল ও প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে।’এর আগে পুলিশ বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়। তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।