দেশের কাজে লেগে থাকার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ গড়ার কাজে লেগে থাকার অঙ্গীকার করে গতকাল শনিবার শেষ হলো দুই দিনব্যাপী প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ। সেরা বন্ধুসভা ও সেরা ভালো কাজের জন্য ৪০টি বন্ধুসভাকে পুরস্কৃত করা হয়েছে। ‘আমরা জেগে আছি’ প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের শালবনে ঘেরা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজন করা হয় জাতীয় বন্ধু সমাবেশের। এতে দেশের ১৭০টি বন্ধুসভার প্রায় দুই হাজার সদস্য অংশ নেন। গতকাল শনিবার সকালে দুই দিনব্যাপী সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি সাইদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা একদিন থাকব না। যারা এই দেশে জন্মাবে, তাদের জন্য নিরাপদ গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে যাব। দেশ গড়ার কাজটাই বন্ধুসভার প্রধান কাজ।’ তাঁবু গুটিয়ে চলে যাওয়ার আগে জামালপুর বন্ধুসভার সদস্য সেরাজুম মনিরা প্রতিশ্রুতি দিলেন, এখন থেকে সমাজের জন্য আরও ভালো কাজ করার। বললেন, ‘আমরা বন্ধুসভার হয়ে সব সময় মানুষের বিপদে-আপদে এগিয়ে যাই। এখানে এসে অন্য বন্ধুদের সঙ্গে কথা বলে জানতে পারি, তারা আমাদের চেয়েও ভালো কাজ করে।’ সমাবেশে এসে নতুন অনেক বন্ধু পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন কালিয়াকৈর বন্ধুসভার সাধারণ সম্পাদক এমারত হোসেন। তাঁর কথা, ‘সমাবেশের মধ্য দিয়ে আমাদের মধ্যে আন্তরিকতা অনেক বেড়ে গেছে।’ গত শুক্রবার সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দুই দিনের আয়োজন। উদ্বোধন করেন হাবিবুল আলম বীর প্রতীক। বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, বন্ধুসভার সভাপতি আব্দুন নূর তুষার, চিকিৎসক মোহিত কামাল প্রমুখ। স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে বানানো মূল মঞ্চে আয়োজন করা হয় অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সামিট, গোল্ডেন হারভেস্ট, ওয়ালটন ও এনার্জিপ্যাক।