দুই সপ্তাহ আগে ভারতের পশ্চিমবঙ্গে একসঙ্গে ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাংলা ছবি নটবর নটআউট। এখনো চলছে। ছবিটি পরিচালনা করেছেন অমিত সেন। জানা গেছে, এরই মধ্যে ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঢাকার ছেলে মুস্তফা প্রকাশ। ছবিটি নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন টিভি চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান দেখানো হচ্ছে। সবার আগ্রহ নতুন নায়ক মুস্তফা প্রকাশকে নিয়ে। আজকের কথোপকথন তাঁরই সঙ্গে।প্রথম চলচ্চিত্র, তাও আবার দেশের বাইরে মুক্তি পেয়েছে। কেমন লাগছে?নটবর নটআউট ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহে। আমরা সবাই ওখানে ছবিটি দেখেছিলাম। আমাদের সঙ্গে আরও ছিলেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, মুনমুন সেন, রূপম, শহীদুল আলম সাচ্চুসহ অনেকেই। প্রথম দিকে খুব দুশ্চিন্তায় ছিলাম। মধ্য বিরতির সময় ছবির সব কলাকুশলীকে নিয়ে পরিচালক অমিত সেন মঞ্চে উঠলেন। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সবাই আমাকে দেখে হাততালি দিয়েছেন। তখনই মনে হয়েছে, গত দেড়টা বছর যে পরিশ্রম করেছি, তা বোধ হয় কিছুটা হলেও সার্থক হয়েছে।ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।অভিজ্ঞতা তো প্রচুর। নাচের দৃশ্য নিয়ে মজা হয়েছিল। আমি কিন্তু নাচ তেমন জানি না। সেখানে নৃত্যপরিচালক শাস্ত্রীয় নাচের জন্য আমাকে প্রস্তুত হতে বললেন। বুঝতেই পারছেন, কী করব বুঝতে পারছিলাম না। শেষে সহশিল্পী রাইমা সেন আমাকে সহযোগিতা করতে এগিয়ে এলেন। এরপর আর কোনো অসুবিধা হয়নি।একসঙ্গে ৭০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। সব কটিতে নাকি দ্বিতীয় সপ্তাহেও চলছে। ব্যাপারটা কেমন উপভোগ করছেন?৭০টি নয়। তিনটি সিনেপ্লেক্সসহ মোট ৭৩টি প্রেক্ষাগৃহে নটবর নটআউট মুক্তি পেয়েছে। এটা আমার মতো একজন নতুন শিল্পীর জন্য অনেক বড় পাওয়া। তা ছাড়া সীমান্ত এলাকার প্রেক্ষাগৃহগুলো নিয়ে একটা মজার কথা শুনেছি। ওখানকার প্রেক্ষাগৃহগুলোর বাইরে নাকি লেখা হয়েছে, ‘আপনাগো দেশের (বাংলাদেশের) পোলা, আসেন ছবি দেখেন’।নতুন কোনো ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে?এরই মধ্যে ঢাকার তিনটি ছবির প্রস্তাব এসেছে। কলকাতার কয়েকজন পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আমি আসলে ঢাকার ছবিতেই নিয়মিত অভিনয় করতে চাই। নিজের দেশে কাজ করার অনুভূতিটাই অন্য রকম হবে।পড়াশোনার কী খবর?জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে চূড়ান্ত পর্বে পড়ছি। এ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছুটা ব্যস্ত আছি।