আদমশুমারি ও গৃহগণনা ২০১১ অনুযায়ী দেশের জনসংখ্যা ১৪ কোটি ৯৭ লাখ ৭২ হাজার ৩৬৪ জন। দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশ। আর সাক্ষরতার হার ৫১ দশমিক ৮ শতাংশ।শুমারি-পরবর্তী যাচাইয়ের তথ্য সমন্বয় করে সরকার জনসংখ্যার এই নতুন পরিসংখ্যান প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল সোমবার আদমশুমারির এই চূড়ান্ত তথ্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে প্রকাশ করেন। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার হিসাব করে এই ওয়েবসাইটে বলা হয়েছে, গতকাল ১৬ জুলাই দেশের প্রাক্কলিত (প্রজেক্টেড) জনসংখ্যা ছিল ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫।বিবিএস গত বছরের ১৫-১৯ মার্চ দেশের সব গৃহ, খানা ও মানুষের মৌলিক তথ্য সংগ্রহ করে। মাঠপর্যায়ে দুই লাখ ৯৬ হাজার ৭১৮ জন গণনাকারী প্রশ্নপত্র পূরণ করেন এবং ৪৮ হাজার ৫৩১ জন সুপারভাইজার তাঁদের কাজ তদারক করেন। এর আগে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কাজে আর্থিক ও কারিগরি সহায়তা দেয় জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউএসএআইডি।আদমশুমারির প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয় গত বছরের ১৬ জুলাই। প্রাথমিক ফলাফলে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ২৩ লাখ। এই ফলাফলের বিষয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেন। একাধিক মন্ত্রীও প্রকাশ্যে বলেছিলেন, আদমশুমারি যথাযথ হয়নি, জনসংখ্যা আরও বেশি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এ কে এম নূর-উন-নবী প্রথম আলোকে বলেন, দেশের বাইরে প্রায় এক কোটি লোক থাকে। তাদের বিষয়টি শুমারিতে উল্লেখ থাকা উচিত ছিল। ওই সংখ্যা যোগ করলে দেখা যাবে, বাংলাদেশের মানুষের সংখ্যা ১৬ কোটি বা তার বেশি। তিনি বলেন, জোরদার প্রচারণা ও কড়া নজরদারি হলে শুমারি আরও ভালো হতে পারত।বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ‘শুমারি-পরবর্তী যাচাই’ (পোস্ট এমিউনারেশন চেক—পিইসি) করে। চলতি বছরের এপ্রিলে পিইসির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৩ দশমিক ৯ শতাংশ মানুষ গণনা থেকে বাদ পড়েছিল। বাদ পড়া জনসংখ্যা সমন্বয় করে বিবিএস আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর চূড়ান্ত এই পরিসংখ্যান প্রকাশ করল।দেশে সাত বছরের বেশি বয়সী মানুষের মধ্যে সাক্ষরতার হার এখন ৫১ দশমিক ৮ শতাংশ। পরিসংখ্যান অনুযায়ী, পুরুষের মধ্যে সাক্ষরতার হার ৫৪ দশমিক ১ শতাংশ। নারীর মধ্যে এই হার ৪৯ দশমিক ৪ শতাংশ। ২০০১ সালে সাক্ষরতার হার ছিল ৪৫ দশমিক ৩ শতাংশ। পুরুষের মধ্যে সাক্ষরতার হার ছিল ৪৯ দশমিক ৬ শতাংশ এবং নারীর মধ্যে ছিল ৪০ দশমিক ৮ শতাংশ।বিবিএস বলেছে, দেশে আদিবাসী বা জাতিগত সংখ্যালঘু মানুষের সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ১৪১ জন, যা মোট জনসংখ্যার ১ দশমিক ১ শতাংশ। আদিবাসী পরিবারের সংখ্যা তিন লাখ ৫৬ হাজার ১৭৫। আর প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২০ লাখ ১৬ হাজার ৬১২।আদমশুমারি অনুযায়ী দেশে খানার সংখ্যা তিন কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৩৯৬। পরিবারের সদস্যসংখ্যা গড়ে ৪ দশমিক ৪ জন। প্রতি ১০০ নারীর বিপরীতে পুরুষের সংখ্যা ১০৩ জন। পুরুষের সংখ্যা সাত কোটি ৪৯ লাখ ৮০ হাজার ৩৮৬ জন এবং নারীর সংখ্যা সাত কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৯৭৬ জন। প্রতি বর্গকিলোমিটারে বাস করে এক হাজার ১৫ জন।বিগত আদমশুমারির ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায়, বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে। ১৯৮১ সালে বার্ষিক বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৩২ শতাংশ, ১৯৯১ সালে ২ দশমিক ০১, ২০০১ সালে ১ দশমিক ৫৮ এবং বর্তমানে ১ দশমিক ৩৭ শতাংশ। ২০০১ সালের শুমারিতে জনসংখ্যা ছিল ১৩ কোটি ২৯ হাজার ৭৪৯। এর মধ্যে পুরুষ ছিল ছয় কোটি ৭১ লাখ ৪৯৪ এবং নারী ছয় কোটি ২৯ লাখ ২৯ হাজার ২৫৫।৬৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা জেলায়, এক কোটি ২০ লাখ ৪৩ হাজার ৯৭৭ জন। প্রতি বর্গকিলোমিটারে বাস করে আট হাজার ২২৯ জন। সবচেয়ে কম মানুষের বাস বান্দরবান জেলায়, তিন লাখ ৮৮ হাজার ৩৩৫ জন। এই জেলায় প্রতি বর্গকিলোমিটারে বাস করে ৮৭ জন।