দেশের জন্য বিয়ে বিচ্ছেদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে মানে আমৃত্যু একসঙ্গে থাকা। অথচ রাজনীতিতে নামার ক্ষেত্রে আইনি বাধা থাকায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি করতে হলো গুয়াতেমালার ফার্স্ট লেডি সান্দ্রা টরেসকে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে তিনি তাঁর স্বামী ও দেশের প্রেসিডেন্ট আলভারো কোলোমের সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন। গুয়াতেমালায় সংশোধিত সংবিধান অনুযায়ী, কোনো প্রেসিডেন্টের দ্বিতীয় দফায় নির্বাচন করার সুযোগ নেই। তাই প্রেসিডেন্ট আলভারো কোলোম আর নির্বাচন করতে পারবেন না। পাশাপাশি প্রেসিডেন্টের পরিবারের সদস্যদেরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। এমন আইনের কারণে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী টরেস তাঁর স্বামীকে ছেড়ে দিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, এ বছর সেপ্টেম্বরে গুয়াতেমালায় অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে টরেস তাঁর সাবেক স্বামীর উত্তরসূরি হবেন। টরেস গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘ব্যক্তিগত জীবন নয়, আমার কাছে গুয়াতেমালার জনগণই বড়। আমি বিয়ে ভাঙছি ঠিক, তবে জনগণের সঙ্গে আবদ্ধ হচ্ছি।’৫১ বছর বয়সী টরেস বলেন, ‘বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আমিই একমাত্র ও শেষ নারী নই। তবে দেশের জন্য স্বামীকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া একমাত্র নারী আমিই।’ তবে তাঁরা পরে আবার বিয়ে করবেন কি না, তা জানাননি। একই সঙ্গে তাঁদের কে কোথায় থাকবেন, তাও উল্লেখ করেননি। ১১ মার্চ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে টরেস ও কোলোম দম্পতি গুয়াতেমালায় পারিবারিক আদালতে গোপনে ডিভোর্সের আবেদন করেন। খবরটা কেবল এ সপ্তাহে প্রকাশ পেয়েছে।গুয়াতেমালার বিরোধী রাজনৈতিক দল প্যাট্রিয়ট পার্টি টরেসের এ পদক্ষেপকে ‘নির্বাচনী প্রতারণা’ বলে অভিহিত করেছে। দলটির নেতা ও সাবেক সেনা কর্মকর্তা ওত্তো পেরেজ মলিনা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। তিনি ২০০৭ সালের নির্বাচনে কোলোমের কাছে পরাজিত হন। গত শতকের আশির দশকের মাঝামাঝি গুয়াতেমালা একনায়কতন্ত্র থেকে বেরিয়ে আসে। তখন স্বৈরতন্ত্রের প্রত্যাবর্তন চিরতরে বন্ধ করতে সংবিধানে বেশ কিছু ধারা যুক্ত করা হয়। সংবিধানে সাবেক স্বৈরশাসক ও ধর্মীয় নেতাদের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিষিদ্ধ করা হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচনে দাঁড়াতে পারেন না। এ ছাড়া প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরিবারের সদস্যরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। তবে তাঁদের সাবেক স্ত্রীর ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে কি না, সে সম্পর্কে স্পষ্টভাবে সংবিধানে কিছু বলা হয়নি। গুয়াতেমালার বর্তমান প্রেসিডেন্ট আলভারো কোলোমের সাবেক স্ত্রী সান্দ্রা টরেসকে নির্বাচনে অনুমোদন দেওয়া হবে কি না, নির্বাচনি আদালতই তা নির্ধারণ করবেন। বিবিসি।