দেশের জন্য হেঁটে সিলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেঁটে হেঁটে ঢাকা থেকে সিলেট। আর এই আয়াসসাধ্য কাজের উদ্দেশ্য মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ প্রকল্পের জন্য সর্বসাধারণের সহায়তা নেওয়া।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষার্থী ১৬ অক্টোবর ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ থেকে ‘তারুণ্যের পদযাত্রা’ শুরু করে। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা সিলেট পৌঁছায়। যাত্রাপথে এই ১০ শিক্ষার্থী মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে আর্থিক সহায়তা চেয়ে বিভিন্ন লিফলেট বিলি করেন।মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবন নির্মাণের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এর প্রাথমিক কাজও শুরু হয়ে গেছে।গতকাল বিকেলে শিক্ষার্থী প্রতিনিধিদলের সদস্যদের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, সুশান্তকুমার দাস, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক নাজিয়া চৌধুরী, সহযোগী অধ্যাপক এম এ গণি প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিনিধিদলটির সঙ্গে প্রায় এক কিলোমিটার হেঁটে মূল ক্যাম্পাসে আসেন। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের নিজস্ব ভবন নির্মাণে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে আগ্রহী সবাইকে তহবিল গড়ার উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়।লাইব্রেরি ভবনের সামনে বক্তব্য দেওয়ার সময় পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মুহম্মদ জাফর ইকবাল। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা এবং দেশকে ভালোবাসতে শেখানোর জন্য এ পদযাত্রা দৃষ্টান্ত হয়ে থাকবে। মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে স্ব স্ব অবস্থান থেকে জনমত তৈরি করতে হবে।’২৯ অক্টোবর সুনামগঞ্জের ডলোরা শহীদ সমাধিস্থলে গিয়ে ১৩ দিনের ‘তারুণ্যের পদযাত্রা’ কর্মসূচি শেষ হবে। পদযাত্রায় অংশগ্রহণকারীরা হচ্ছেন শরীফ রেজা মাহমুদ, কাজী ইমরান, মন্টু বাবু সরকার, ইব্রাহিম হোসেন, শাহাদাৎ হোসেন, তৌহিদ হাসান, মো. মোস্তফা, নিজাম উদ্দিন, সানি আহমদ ও মির্জা মাহমুদ। তাঁরা গতকাল মঙ্গলবার দিনব্যাপী সিলেটের রাজা জিসি উচ্চবিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সিলেট অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় তহবিল সংগ্রহের প্রচারণায় অংশ নেন। আজ বুধবার সকালে দলটি সুনামগঞ্জের উদ্দেশে আবার পদযাত্রা শুরু করবে।প্রতিনিধি দলের সদস্য শরীফ রেজা মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরা যেখানেই গিয়েছি, সেখানেই উৎসাহ পেয়েছি। “নবীন প্রজন্ম গড়বে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর” এ স্লোগান নিয়ে আমরা নতুন প্রজন্মকে জাদুঘর নির্মাণে তহবিল সংগ্রহের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানাচ্ছি।’প্রসঙ্গত, ১৯৯৬ সালে কয়েকজন বিশিষ্ট ব্যক্তির নিজস্ব উদ্যোগে সেগুনবাগিচার একটি ভাড়া বাড়িতে প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর সাধারণ মানুষের সমর্থন ও সহযোগিতায় বিকশিত হচ্ছে। সম্প্রতি সরকার তাঁদের ঢাকার আগারগাঁওয়ে জমি বরাদ্দ দিয়েছে। জাদুঘরের নিজস্ব ভবনের নির্মাণব্যয় ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। ইতিমধ্যে প্রায় ৪০ কোটি টাকা সংগ্রহ হয়েছে। তহবিলের শিরোনাম: মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ, এসটিডি হিসাব নং ৩৬০০০৪০৮, জনতা ব্যাংক লিমিটেড, তোপখানা রোড শাখা, ঢাকা-১০০০ এবং এসটিডি হিসাব নং ১৫০১১০১৬৫৮৬৩৭০০১, ব্র্যাক ব্যাংক লি., গুলশান-১ শাখা ঢাকা।