দেশের ডলফিন সংরক্ষণে সাহায্য করবে অস্ট্রেলিয়া
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া প্রাতিষ্ঠানিক পর্যায়ে একসঙ্গে কাজ করবে। যৌথভাবে দল গঠন করে বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের নদী ও সমুদ্রে ডলফিন সংরক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ ও অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী টনি বার্ক এক বৈঠকে এ ব্যাপারে একমত হন। উভয় নেতার এই দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের পরিবেশগত সমস্যা নিয়েও আলোচনা হয়।অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস ভবনে অনুষ্ঠিত এই আলোচনাকালে হাছান মাহমুদ বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদীদূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা চান। এ ছাড়া তিনি বাংলাদেশের জনসংখ্যা সমস্যা মোকাবিলায় কৌশল নির্ধারণে গবেষণাসহ পরিবার পরিকল্পনা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের সহায়তা চান।পরিবেশ প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরে শৈবালের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড শোষণ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় গবেষণা ও কারিগরি সহায়তা দিতে অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। অস্ট্রেলিয়ার মন্ত্রী বাংলাদেশের নদী ও সমুদ্রে ডলফিন সংরক্ষণে আগ্রহ প্রকাশ করেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।হাছান মাহমুদ অস্ট্রেলিয়া সরকারের আমন্ত্রণে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশসংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় আলোচনার জন্য ২ মে অস্ট্রেলিয়া পৌঁছেন। পাঁচ দিনের এ সফরে তাঁর সেদেশের বিভিন্ন মন্ত্রী ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বেশ কয়েকেটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।