দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর কিছু এলাকায় সুপেয় পানির সংকট এখন তীব্র। এসব এলাকায় সংরক্ষিত পুকুরের সংখ্যা যেমন কম, তেমনি পানির মানও সন্তোষজনক নয়। অঞ্চলের অনেক নলকূপের পানিও পানের অনুপযুক্ত। লবণাক্ততা পানির প্রধান সমস্যা। সাতক্ষীরা জেলার শ্যামনগর ও খুলনা জেলার কয়রা সুন্দরবনের কাছের দুটি উপজেলা। উপজেলা দুটির বিভিন্ন গ্রাম ঘুরে জানা গেছে, ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার পর প্রায় সব পুকুর লোনা পানিতে তলিয়ে যায়। পুকুরের পানি ব্যবহারের উপযোগী করার জন্য পিএসএফ (পন্ড স্যান্ড ফিল্টার) তৈরি করা হয়েছিল। আইলায় সেগুলোও নষ্ট হয়। পরে এর অধিকাংশ মেরামত করা হয়নি। এলাকার মানুষ অভিযোগ করেছেন, মিঠা পানির সংকটের অন্যতম কারণ অপরিকল্পিত চিংড়ি চাষ। প্রভাবশালী ব্যক্তিরা ফসলের জমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করছেন। এতেও নষ্ট হয়েছে মিঠা পানির উৎস। অন্যদিকে সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, সাগরের লোনা পানির প্লাবন এলাকা বাড়ছে। এই অঞ্চলে লবণাক্ততা বাড়ার এটা অন্যতম প্রধান কারণ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গ্রাউন্ড ওয়াটার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীর কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০ উপজেলায় খাওয়ার পানির সংকট তীব্র। এসব উপজেলায় গভীর নলকূপেও সুপেয় পানি পাওয়া যায় না।খুলনা বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল মান্নান জানান, খুলনা বিভাগে ৭৫ শতাংশ মানুষ সুপেয় পানি পাচ্ছে। এলাকায় লবণ ঢুকছে: সরকারের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) জরিপে দেখা গেছে, ২০০০ সালে উপকূলের দুই লাখ ৮৯ হাজার ৭৬০ হেক্টর জমি ‘অতি সামান্য লবণাক্ত’ পানিতে (২-৪ ডিএস) প্লাবিত হতো। ২০০৯ সালে প্লাবিত জামির পরিমাণ বেড়ে দাঁড়ায় তিন লাখ ২৮ হাজার ৪৩০ হেক্টরে। একই সময়ে ‘মাঝারি লবণাক্ত’ পানির (৮-১৬ ডিএস) এলাকা ১৪ হাজার ৪৮৯ হেক্টর এবং ‘অত্যাধিক লবণাক্ত’ পানির (১৬ ডিএসের ওপরে) এলাকা ১৪ হাজার ৭৮০ হেক্টর বাড়ে। অন্য একটি জরিপে দেখা গেছে, ২০০১ সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটিয়াপাড়া পর্যন্ত লোনা পানির উপস্থিতি ছিল। ২০১০ সালে লোনা পানি পৌঁছায় ভাটিয়াপাড়ার ১০ কিলোমিটার উত্তরে আমডাঙ্গায়। এসআরডিআই খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিধান কুমার ভান্ডার প্রথম আলোকে বলেন, জরিপে স্পষ্ট যে লোনা পানিতে প্লাবিত এলাকা বাড়ছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাইনর ইরিগেশন ইনফরমেশন সার্ভিস ইউনিটের ‘দক্ষিণাঞ্চলের ভূগর্ভে লবণ পানির অনুপ্রবেশ পূর্বাভাস প্রদান’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, ৩০-৩৫ বছর আগে মাটির নিচ দিয়ে লোনা পানি আসত মাত্র ৬০ কিলোমিটার উত্তরে। এখন আসছে ১০০ থেকে ১২০ কিলোমিটার উত্তরে।বিএডিসির কৃষি পানি ও পরিবেশ প্রকৌশলী ইফতেখারুল আলম প্রথম আলোকে বলেন, গভীর নলকূপ দিয়ে মাটির নিচের পানি তোলা হচ্ছে। ফাঁকা স্থান দখল করছে বঙ্গোপসাগরের লোনা পানি। সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত ফেব্রুয়ারি-এপ্রিলে খাবার পানি পাওয়া যাচ্ছে না। হাঁটতে হয় আরও বেশি পথ: উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নে কোথাও গভীর বা অগভীর নলকূপে সুপেয় পানি পাওয়া যায় না। আরপাঙ্গাসিয়া গ্রামের সব পুকুরের পানি লবণাক্ত। গ্রামবাসীকে পানি সংগ্রহ করতে হয় তিন-চার কিলোমিটার দূরে বেড়লক্ষ্মী গ্রাম থেকে। আরপাঙ্গাসিয়া গ্রামের অবনি কুমার জোয়ার্দার বলেন, বর্ষাকালে পানি পাওয়া গেলেও গ্রীষ্মের পাঁচ-ছয় মাস পানির অভাব তীব্র। গ্রামের একাধিক মহিলা জানিয়েছেন, এক কলসি পানি সংগ্রহ করতে দিনের অনেকটা সময় চলে যায়।এই এলাকার বেশ কিছু মানুষ বৃষ্টির পানি ধরে রাখে। বুড়িগোয়ালিনী গ্রামের কমলিনী মণ্ডল এদের একজন। গত বর্ষা মৌসুমে ধরে রাখা পানি কিছু অবশিষ্ট আছে তাঁর। চিংড়ি মিঠা পানির শত্রু: খুলনা জেলার কয়রা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলেন, জমিতে লবণ পানি ঢুকিয়ে চিংড়ি চাষ করার কারণে পানি ও মাটিতে লবণাক্ততা বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চাষযোগ্য জমির পরিমাণ ১৬ হাজার হেক্টর। লবণাক্ততা বেড়ে যাওয়ায় এখন চাষ হয় ১০ হাজার হেক্টর জমিতে।এলাকার মানুষের অভিযোগ, প্রভাবশালীরা লোনা পানি ঢুকিয়ে ফসলের জমিতে চিংড়ির ঘের তৈরি করে। কোনো জমিতে বছরে ছয় মাস, কোথাও সারা বছর চিংড়ি চাষ হয়। অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে লোনা পানি ঘেরের বাইরে খাল, বিল ও পুকুরে ঢুকে পড়ে। এসব এলাকার মিঠা পানির উৎস নষ্ট হওয়ার অন্যতম কারণ এই চিংড়ি চাষ।