দেশের দক্ষিণাঞ্চলের সাত জেলার নতুন নতুন এলাকা প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও নদ-নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে আজ শুক্রবার চট্টগ্রাম, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, ফেনী, পটুয়াখালী ও কক্সবাজারে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, নিম্নচাপের প্রভাবে প্রবল বর্ষণ ও জোয়ারে চট্টগ্রামের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আনোয়ারা উপজেলায় প্রায় ৭০০ ঘর পানিতে তলিয়ে গেছে। এখানে প্রায় ৫০ হাজার এবং বাঁশখালীর চারটি ইউনিয়নের লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে আবহাওয়া দপ্তর জানায়।জানা গেছে, রাতভর প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে বাঁশখালীসহ আনোয়ারার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়ে। সেখানে ঘরবাড়ির পাশাপাশি চিংড়ি ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। আনোয়ারার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সৈয়দ চৌধুরী তাঁর এলাকা প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা: বরগুনা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, উপকূলে ঝোড়ো হাওয়া ও নদ-নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে সদর উপজেলার বালিয়াতলী, ফালিসাতলী, পাতাকাটা, আয়লা এবং আমতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ১২টি গ্রামসহ প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় দেড় লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছে। বরগুনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আজ দুপুরে জানান, সেখানে নদ-নদীতে বিপত্সীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাথরঘাটা বাঁধ, বরগুনা সদর বাঁধ এবং বেতাগী শহর রক্ষা বাঁধ পানির চাপে হুমকির মুখে রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় বলেশ্বর নদ তীরের তাফালবাড়িয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৭০-৭৫ হাত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই এলাকার পদ্মা স্লুইস বাঁধের তিনটি স্থানে বিশাল গর্ত হওয়ায় এলাকার লোকজন আতঙ্কে আছেন। বরগুনা সদরের বালিয়াতলী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে আজ জোয়ারের পানি ঢুকে পড়ে বলে এলাকার লোকজন জানিয়েছে। পাথরঘাটা উপজেলার কালমেঘা ও রুহিতা গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ চুঁয়ে পানি ঢোকায় ওই এলাকার দুটি বাঁধ মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। বাগেরহাট: আমাদের মংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উঁচু জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে মংলা শহর ও শহরতলির নিম্নাঞ্চল। পানির চাপে হুমকি মুখে পড়েছে কয়েক হাজার চিংড়ি ঘের। তিন দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের জাহাজগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। মংলা বন্দরে বলবত্ রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি সব ধরনের বাণিজ্যিক জাহাজে পণ্য বোঝাই-খালাসের কাজ বন্ধ আছে। সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বৃষ্টিপাত ও জোয়ারের পানির তোড়ে শ্যামনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে পদ্মপুকুর ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার পরিবার নতুন করে আশ্রয়হীন হয়ে পড়েছে। ইতিমধ্যে নৌকায় করে ৯ নম্বর সোরা ও চকবারা এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম শফিউল আযম জানান, কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও জোয়ারের পানির চাপে ৯ নম্বর সোরা গ্রামের তিনটি, চকবারা গ্রামের দুটি ও মধ্যম খোলেশাবুনিয়া গ্রামের একটি স্থান দিয়ে পাউবোর বাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকছে। লোকজনকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও সাইক্লোন সেন্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মো. আবদুস সামাদ জানান, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েকটি স্থানের ভেঙে যাওয়া বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেনী: ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, জেলায় সোনাগাজী উপজেলার তিনটি ইউনিয়নের ১১টি গ্রাম টানা বৃষ্টি ও জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় ২২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব গ্রামে উঠতি আমন ও সবজির ব্যাপক ক্ষতি এবং পুকুরের মাছ ভেসে গেছে।সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গালিব খান জানান, স্থানীয় প্রশাসন জোয়ারের পানিতে আটকে পড়া মানুষকে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রসহ নিরাপদ স্থানে সরে যেতে প্রচার চালাচ্ছে। চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুদ্দিন আহম্মদ জানান, ফেনী নদীর ভাঙনে দক্ষিণ-পূর্ব চর চান্দিয়ায় বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে চার থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাসের পানি গ্রামে ঢুকে পড়েছে। চর দরবেশ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম জানান, পানি ঢুকে আমন ধানের ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।পটুয়াখালী: জেলার উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের পানি ও অবিরাম বর্ষণে পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় তিন থেকে চার ফুট পানি উঠেছে। পানিবন্দী হয়েছে এক লাখ মানুষ। পটুয়াখালীর পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান জানান, জোয়ারের সময় পানি বিপত্সীমার দেড় ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে দশমিনা উপজেলার রণগোপালদি ইউনিয়নে তেঁতুলিয়া নদীর পাড়ের ৫৫/২-ডি প্লোডারের ২০টি পয়েন্ট ভেঙে গেছে। আমখোলা গ্রামের ৪৩/২-বি প্লোডারের তিনটি পয়েন্ট ছাড়াও দুমকি উপজেলার মুরাদিয়া কলাগাছিয়া গ্রামের বেড়িবাঁধের সঙ্গে সংযুক্ত ছোট ছোট চারটি ক্লোজার ছুটে নদীগর্ভে নেমে গেছে। এসব পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নিখিল রঞ্জন মণ্ডল জানান, জোয়ারের পানিতে জেলার নয় হাজার ৪৭ হেক্টর জমির ফসল ডুবে গেছে। কক্সবাজার: মহেশখালী (কক্সবাজার ) থেকে আমাদের প্রতিনিধি জানান, নিম্নচাপের প্রভাবে মহেশখালীতে ২২টি গ্রাম প্ল¬াবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৪০ হাজার মানুষ। মহেশখালীর মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। উপজেলা প্রশাসন লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য এলাকায় মাইকিং করছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ২৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় দেওয়া হয়েছে। বাকিদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানি বেড়ে যাওয়ায় উপজেলার মাতারবাড়ি ও ধলঘাটার বেড়িবাঁধ ভেঙে গেছে।টেকনাফ (কক্সবাজার): বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে নাফ নদীতে জোয়ারের পানি ছয় থেকে সাত ফুট বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের টেকনাফ উপজেলার ২৭টি গ্রামের প্রায় তিন হাজার পরিবারের ঘরবাড়ি তলিয়ে গেছে এবং প্রায় ৭০ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে জোয়ারের পানির ধাক্কায় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।অনেকেই আশ্রয়স্থল হিসেবে বেড়িবাঁধের ওপর ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।সকাল ১০টায় স্থানীয় সাংসদ আবদুর রহমান বদী ও উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিমউদ্দিন এবং জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী আবদুল মান্নান সংশ্লিষ্ট এলাকা ও বেড়িবাঁধ পরিদর্শন করেছেন। সাংসদ জানান, দুর্গতদের মধ্যে শিগগিরই ত্রাণ দেওয়া হবে।