দেশের নিরাপত্তার দায়িত্বে আফগান বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের নিরাপত্তার পুরো দায়িত্ব গ্রহণ করেছে সে দেশের বাহিনী।বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, আজ মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক অনুষ্ঠানে এ ব্যাপারে ঘোষণা দেন। এ সময় ন্যাটো বাহিনী আফগানিস্তানের অবশিষ্ট ৯৫টি জেলার নিরাপত্তার দায়িত্ব সে দেশের বাহিনীর কাছে হস্তান্তর করে। ২০০১ সালের ৯/১১-এর পর আফগানিস্তানে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। ২০১১ সাল থেকে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব সে দেশের নিজস্ব বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান ত্যাগ করার কথা ন্যাটো বাহিনীর।নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের এই উপলক্ষকে আফগানিস্তানের জন্য ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই ও ন্যাটো-প্রধান এন্ডারস ফগ রামুসেন।অনুষ্ঠানে কারজাই বলেন, ‘আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনী এখন থেকে নিরাপত্তার নেতৃত্ব দেবে। এখন থেকে নিরাপত্তার সব দায়িত্ব এবং নেতৃত্ব নেবে আমাদের সাহসী বাহিনী।’ আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের এই অনুষ্ঠানের প্রাক্কালে আজ কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি নিহত হয়েছেন।