দেশের নৌপথ উন্নয়নে কাজ করছে সরকার: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের নৌপথের উন্নয়নে কাজ করছে সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ে নদীর নাব্যতা বাড়ানোর জন্য ড্রেজার কেনা হয়েছে। নৌবন্দরগুলোরও উন্নয়ন করা হচ্ছে। একই সঙ্গে স্থলবন্দরগুলোকেও আধুনিকায়ন করতে বর্তমান সরকার কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর রপ্তানিমুখী হওয়ায় এ বন্দরের উন্নয়ন ও রপ্তানি বাণিজ্য প্রসারে আরও কাজ করা হবে।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ কথা বলেন।নৌপরিবহনমন্ত্রী বলেন, দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথ আজ চার হাজারে এসে দাঁড়িয়েছে। ১৯৭২ থেকে ’৭৫ পর্যন্ত নৌপথের উন্নয়নে কয়েকটি ড্রেজার কিনে কাজ করা হলেও পরবর্তীকালে নৌপথের উন্নয়নে কেউ কাজ করেনি। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে তিনটি উচ্চক্ষমতার ড্রেজার কেনা হয়েছে। আগামী ডিসেম্বরেই এই ড্রেজারগুলো নদী খননে কাজ শুরু করবে। বেসরকারি পর্যায়েও ড্রেজার কিনতে সরকারের পক্ষ থেকে উৎসাহ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে কেনা ছয়টি ড্রেজার চলে এসেছে। এগুলোও কিছু দিনের মধ্যে নদীর নাব্যতা বাড়াতে কাজ করবে।শাজাহান খান আরও বলেন, ভারত ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে। এ টাকায় ড্রেজার কেনা, নদী খনন, সড়ক ও রেলপথের উন্নয়ন করা হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফিরোজ শাহ আলম, স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরীসহ অনেকেই।