দেশের প্রথম কমিউনিটি রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় লোকবেতার নামে বাংলাদেশের সর্বপ্রথম কমিউনিটি রেডিওর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।আজ শুক্রবার বেলা ১১টায় লোকবেতারের ভারপ্রাপ্ত প্রধান তারেক মাহমুদ, এএসবিএলর প্রধান নির্বাহী সেলিম রহমত সাইকী ও স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল পরীক্ষামূলক এ সম্প্রচার শুরু করেন।ইউনেস্কোর আর্থিক সহযোগিতায় ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) স্টেশনটি বরগুনা জেলা শহরে স্থাপন করেছে। সম্প্রচার শুরুর পর এমএসির পক্ষ থেকে লোক বেতারের ভারপ্রাপ্ত প্রধান তারেক মাহমুদ বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিউনিটি রেডিও সম্পর্কে ধারণা প্রদান করেন।ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু জানান, ১৯৯৮ সালে বাংলাদেশে কমিউনিটি রেডিও চালু করার জন্য তথ্য মন্ত্রণালয়ের নিকট আবেদন করা হয় । বিভিন্ন সংগঠনের জোটবদ্ধ আন্দোলন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গত বছরের ২২ এপ্রিল ১৩টি বেসরকারি সংস্থা ও সরকারের কৃষি তথ্য সার্ভিসসহ মোট ১৪টি কমিউনিটি রেডিও স্টেশন চালু করার লাইসেন্স প্রদান করা হয়। তার মধ্যে লোকবেতার বরগুনায় সর্বপ্রথম পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে।লোকবেতারের ভারপ্রাপ্ত প্রধান তারেক মাহামুদ জানান, এর মাধ্যমে ১৭ কিলোমিটার জুড়ে চারদিকে বসবাসকারী জনগণ রেডিও ও মোবাইল ফোনসেটের মাধ্যমে অনুষ্ঠান শুনতে পাবে। লোকবেতারের ফ্রিকোয়েন্সি হচ্ছে, এফএম ৯৯.২।প্রকৌশলী সেলিম রহমত সাইকী জানান, প্রথমদিকে দূরের শ্রোতাদের অনুষ্ঠান শুনতে একটু সমস্যা হবে। কেননা, অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে স্টেশনটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। তবে খুব শিগগিরই লোকবেতারের অনুষ্ঠান শ্রোতারা ভালোভাবে শুনতে পাবে।লোকবেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, স্থানীয় লোকজনের চাহিদানুয়ায়ী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যসহ বিভিন্ন ধরনের বার্তা ও বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হবে এই রেডিওতে।এ ছাড়া আগামী এক মাসের মধ্যে এই রেডিওর নিয়মিত সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন এমএমসির নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু। বাসস।