মন্ত্রিসভা কমিটিতে নির্মাতা প্রতিষ্ঠান চূড়ান্ত
দেশের প্রথম দ্বিতল সড়ক নির্মাণ শুরু হবে আগামী মাসে
আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে দেশের প্রথম দ্বিতল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণকাজ। চার লেনের এই সড়ক নির্মাণের জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গতকাল মঙ্গলবার ‘ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি’কে নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনির আখড়া (কুতুবখালী) পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ বক্স টাইপের এই সড়ক নির্মাণে ব্যয় হবে আট হাজার ৭৩০ কোটি টাকা। সরকারি-বেসরকারি অংশীদারির (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি) ভিত্তিতে নির্মিতব্য এই প্রকল্পের সম্পূর্ণ ব্যয় নির্বাহ করবে নির্মাতা প্রতিষ্ঠান।প্রকল্পের জন্য সরকার শুধু জমি দেবে। অর্থ বিনিয়োগ করবে নির্মাতা প্রতিষ্ঠান। প্রকল্পের মেয়াদ হবে ২৫ বছর। এর মধ্যে তিন বছর লাগবে নির্মাণ করতে। বাকি ২২ বছর টোল আদায়ের মাধ্যমে ওঠানো হবে বিনিয়োগ করা অর্থ। টোলের মাধ্যমে অর্জিত অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। সড়কের আয়ুষ্কাল হবে ১০০ বছর।মূলত রেলপথ অনুসরণ করেই নির্মিত হবে এই সড়ক। কোথাও রেলপথের সরাসরি ওপরে, কোথাও বা রেলপথের পাশাপাশি ডানে অথবা বাঁয়ে সুউচ্চভাবে নির্মিত হবে এই সড়ক। মূল সড়কের সঙ্গে মহাখালী থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে তেজগাঁও সাতরাস্তার মোড় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মগবাজার মোড় পর্যন্ত তিনটি দ্বিতল সংযোগ সড়ক থাকবে। ওই তিনটি সংযোগ সড়কের দূরত্ব হবে পাঁচ কিলোমিটার। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, দ্বিতল সড়কের পাঁচটি জায়গায় যাত্রী ওঠানামার (স্টপেজ) সুযোগ রাখা হচ্ছে। জায়গাগুলো হলো মহাখালী, মতিঝিল, মগবাজার, কুড়িল ও তেজগাঁও। এসব জায়গার যেখানেই যাত্রী নামতে চান না কেন, ভাড়া হবে ১০০ টাকা। সড়কের এক প্রান্ত থেকে অপর প্রান্তের ভাড়া হবে ১২৫ টাকা। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, আগামী সপ্তাহেই নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেব্রুয়ারি মাসে সড়কের নির্মাণকাজ শুরু করা হবে। রেল বিভাগের জায়গায় এই সড়ক নির্মাণ করা হচ্ছে। সে কারণে ভূমি অধিগ্রহণের মতো কোনো জটিলতা বা ব্যয়ের প্রয়োজন হবে না। এই সড়ক ঢাকার যানজট কমাতে অনেকাংশে সহায়তা করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের বাস্তবায়নকাল তিন বছর। কিন্তু তার আগেই নির্মাণকাজ শেষ করা যাবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে গতকাল অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আইনমন্ত্রী শফিক আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অর্থনৈতিক বিষয়সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত। তিনি দেশে না থাকায় পরিকল্পনামন্ত্রী এতে সভাপতিত্ব করেন।