দেশে পাঁচ বছরের কম বয়সী ৪৩ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। এর অর্থ, এসব শিশু দীর্ঘমেয়াদে অপুষ্টির শিকার। এদের অপুষ্টির বড় কারণ, জন্মের পরপর ও জীবনের প্রথম ছয় মাস এরা যথাযথভাবে মায়ের দুধ পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ছয় মাসের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি যে সম্পূরক খাদ্য দরকার, তাও এসব শিশু ঠিকমতো পায়নি।গত বছর বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু গত এক বছরে সরকারিভাবে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করার নির্দেশনা ছাড়া আর কোনোটি বাস্তবায়িত হয়নি। বাস্তবায়নের উদ্যোগ যাঁদের নেওয়ার কথা ছিল, সেসব কর্তাব্যক্তি বলছেন, বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।এ বছর দেশে প্রথমবারের মতো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (১—৭ আগস্ট) সরকারিভাবে পালিত হচ্ছে। ‘সফলভাবে মায়ের দুধ খাওয়াতে ১০টি শিশুবান্ধব পদক্ষেপ নিন’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার প্রধানমন্ত্রী সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।বর্তমান পরিস্থিতি: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় বলেন, জীবনের প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান করলে শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এতে শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। তিনি বলেন, মায়ের দুধের পরিবর্তে কৌটার বা বাজারের দুধ খেলে শিশুর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে, শিশু অপুষ্টির শিকার হয়। কারণ কোনো কৌটার দুধই জীবাণুমুক্ত নয়। দ্বিতীয়ত, শিশুর খাবার তৈরির সময় তা দূষিত হওয়ার আশঙ্কা থাকে।পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুদের মায়ের দুধ দেওয়া শুরু করলে বছরে ৩৭ হাজার নবজাতকের প্রাণ রক্ষা করা সম্ভব। সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে বলছে (বিডিএইচএস-২০০৭), মাত্র ৪৩ শতাংশ নবজাতককে জন্মের এক ঘণ্টার মধ্যে দুধ দেওয়া হচ্ছে। তবে ৯২ শতাংশ শিশু শালদুধ পায়। একই জরিপে বলা হচ্ছে, ছয় মাসের কম বয়সী ৪৩ শতাংশ শিশু শুধু বুকের দুধ পান করে। একই বয়সের এক শতাংশ শিশুকে একেবারেই বুকের দুধ দেওয়া হয় না। অন্যদিকে ৫৬ শতাংশ শিশুকে অন্যান্য খাবারের পাশাপশি বুকের দুধ দেওয়া হয়। চার থেকে পাঁচ মাসে গিয়ে মাত্র ২৩ শতাংশ শিশু শুধু বুকের দুধ পান করছে।বিভিন্ন গবেষণামতে, শালদুধ শিশুর জন্য টিকা হিসেবে কাজ করে। জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো সম্ভব হলে এক-তৃতীয়াংশ নবজাতকের মৃত্যু কমানো সম্ভব। আর শিশুর ছয় মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি উপযুক্ত খাবার দিলে প্রতি পাঁচটি শিশুমৃত্যুর মধ্যে একটি মৃত্যু রোধ করা যায়।বিশেষজ্ঞরা বলছেন, মা জন্মের পরপর শিশুকে দুধ খাওয়ালে জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, মায়ের রক্তক্ষরণ কম হয় এবং দ্রুত বন্ধ হয়। এতে মাতৃমৃত্যুর হারও কমে।প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাস্তব চিত্র: গত বছরের ২ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুকে মায়ের দুধ খাওয়ানো নিশ্চিত করার জন্য কিছু নির্দেশনা দেন। পরে ২২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে একটি চিঠির মাধ্যমে ছয়টি নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয়কে এসব নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। তাতে বলা হয়েছিল, শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য অফিস-আদালত, শপিং মল, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, হাসপাতাল, সরকারি ও বেসরকারি সব সংস্থায় শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির কথা বলা হয়। কিন্তু এক বছরে এর কোনো অগ্রগতি হয়নি।২০১০-১১ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ঢাকায় কর্মজীবী মায়েদের শিশুদের যথাযথ যত্ন নিশ্চিত করার জন্য ১৮টি শিশু দিবাযত্ন কেন্দ্র আছে। সরকার আরও ১০টি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর আগে ২০০৯-১০ অর্থবছরের বাজেট বক্তৃতায়ও দিবাযত্ন কেন্দ্র বাড়ানো হবে বলে উল্লেখ করা হয়েছিল। দিবাযত্ন কেন্দ্র তৈরির প্রকল্প পরিচালক মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কাজী জেবুননেছা বেগম প্রথম আলোকে জানান, এই ১০টি কেন্দ্র শিগগিরই চালু করা সম্ভব হবে। এ জন্য ঢাকা শহরের বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে।অন্যদিকে বিদ্যমান কেন্দ্রগুলোর দায়িত্বে আছেন একই অধিদপ্তরের উপপরিচালক জেবুন নাহার। তিনি বলেন, ঢাকার বাইরে ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু আছে। তিনি মনে করেন, সংখ্যা আরও বাড়ানো দরকার।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, এ ধরনের শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকারের পক্ষে শপিং মলে এ ধরনের কেন্দ্র তৈরি করে দেওয়া সম্ভব নয়।প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস (চার মাস বেতনসহ, দুই মাস বেতন ছাড়া) করার কথা বলা হয়। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার জন্য মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব সংস্থাপন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এখনো কিছু জানায়নি।প্রধানমন্ত্রী শিশুর মানসিক পরিচর্যার জন্য প্রতিটি স্কুল ও হাসপাতালে মনোবিজ্ঞানী নিয়োগের কথা বলেছিলেন। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজটি করা জরুরি। তবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মনোবিজ্ঞানীর পদ তৈরি ও নিয়োগ দিতে বিপুল পরিমাণ অর্থেরও প্রয়োজন। তাই আপাতত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষককে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে কাজটি চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে এই প্রশিক্ষণ কর্মসূচি এখনো চালু হয়নি।নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনকে একসঙ্গে কাজ করার পাশাপাশি ফাউন্ডেশনকে শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে বলা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র বলছে, ফাউন্ডেশন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে, তবে ফাউন্ডেশনকে শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ কেউ নেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ফাউন্ডেশন কিছু জমি ও থোক বরাদ্দ পাওয়ার জন্য আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। কিন্তু মন্ত্রণালয় এ ব্যাপারে এখনো কিছু জানায়নি।প্রধানমন্ত্রী কৃত্রিম শিশুখাদ্য (বাজারজাতকরণ নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়ন ও মায়ের দুধের পক্ষে প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। এ ব্যাপারে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা পারভীন চৌধুরী বলেন, মায়ের দুধের পক্ষে প্রচার জোরদার করার জন্য ২০১১ সাল পর্যন্ত একটি কর্মকৌশল চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে সেটি বাস্তবায়নের কাজ চলছে।বর্তমান কৃত্রিম শিশুখাদ্য বিপণন আইনটিতে আইন লঙ্ঘনকারীর জন্য দণ্ড ও জরিমানার পরিমাণ কম। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আইনটি সংশোধন করে একটি খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তাতে জরিমানার পরিমাণ পাঁচ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। তবে সেই খসড়া আইন কবে চূড়ান্ত হবে তা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলতে পারেননি।