দেশের প্রয়োজন মিটিয়ে অন্যদের বন্দর-সুবিধা দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, অবকাঠামো নির্মিত হলে আগে দেশের প্রয়োজন মিটিয়ে পরে আশপাশের দেশকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়া হবে। আর ট্রানজিটের অবকাঠামোর নির্মাণকাজ শুরু হয়েছে। চট্টগ্রামে চারটি ফ্লাইওভার নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম ছয় লেন সড়ক, ঢাকা-চট্টগ্রাম দ্বৈত রেললাইনও করা হচ্ছে।আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ‘আঞ্চলিক সহযোগিতা: যোগাযোগ ট্রানজিট চুক্তি ও বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব শীর্ষক’ এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।ফারুক খান বলেন, ‘বিরোধী দল মুনাফেকের দল। তারা মুখে মুখে ভারতের বিরোধিতা করে। অথচ তারা ভারতকে সবচেয়ে বেশি সুবিধা দিয়েছে। আমরা সমান সমান অবস্থান নিয়ে ভারতের সঙ্গে কথা বলেছি। আর তারা শুধু অসত্য কথা বলে জুজুর ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বিগত সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিশ্বের কাছে ছোট করেছে।’ ট্রানজিটের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণের মাধ্যমে চট্টগ্রাম ও মংলা বন্দরকে ভুটান, নেপাল, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আটটি রাজ্য ও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য ব্যবহারের সুযোগ করে দিতে হবে। এতে ১০০ কোটি লোক অর্থনৈতিকভাবে লাভবান হবে। তবে সবার আগে অবশ্যই আমাদের দেশের মানুষের প্রয়োজন মিটিয়েই করতে হবে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নতির বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।এ ছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্যও পরামর্শক নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এ সময় সুচিন্তার নির্বাহী পরিচালক মোহাম্মদ এ আরাফাত, সাংসদ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম ও প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান উপস্থিত ছিলেন।