দেশের প্রয়োজনে তিনি ছিলেন সামনের সারিতে
‘রূপহীন মরণেরে মৃত্যুহীন অপরূপ সাজে’ সাজানোর সাধনায় জয়ী শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ চলে গেলেন অমোঘ মৃত্যুর দেশে। জন্মের ৮৮তম বর্ষপূর্তি অতিক্রমণের কয়েক মাসের ব্যবধানে মৃত্যু হলো তাঁর। ১৯২৪ সালের ১ জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই হয়তো বলবেন, পরিণত বয়সেই তো বিদায় নিলেন তিনি। কিন্তু এমন কিছু মৃত্যু আছে, যা মেনে নেওয়া যায় না। তিনি এমন মানুষদের একজন, যাঁদের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূর্ণ হয় না। খান সারওয়ার মুরশিদ সেই দুর্লভ মানুষদের একজন, বাংলাদেশের সব গণ-আন্দোলন ও মুক্তিযুদ্ধের নেপথ্যের রূপকারদের অন্যতম ছিলেন যিনি। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি যেমন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়েছেন, তেমনি দেশ ও জাতির প্রয়োজনে নিজেই ছিলেন আন্দোলনের প্রথম সারিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, পত্রিকার সম্পাদনা, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক আন্দোলন, ’৫২-এর ভাষা-আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্ব দান, ছয় দফা নিয়ে চিন্তাভাবনা, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন আহমদকে পরামর্শ দেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন, রাষ্ট্রদূত, পরিকল্পনা কমিশনের সদস্য; কী ছিলেন না তিনি এক জীবনে। দেশ যখন দুর্নীতিতে নিমজ্জিত, তখন তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানেরও দায়িত্বও সামলেছেন। ১৯২৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাসিরাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম খান সারওয়ার মুরশিদের। পড়াশোনা শুরু হয়েছিল নিজ বাড়িতেই। তাঁর বাবা আলী আহমদ খান প্রথমে অবিভক্ত বাংলার এবং পরে পূর্ব পাকিস্তানের ব্যবস্থাপক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। মুসলিম লীগ দিয়ে রাজনীতি শুরু করেছিলেন অধ্যাপক মুরশিদের বাবা। পরবর্তী সময়ে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে এবং নিজের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকাকে পাকিস্তানি স্বৈরাচারের বিরোধিতায় শাণিত অস্ত্র করে তুলেছিলেন।রাজনীতি-সচেতন ওই পরিবারটির বাড়িতে ছিল পড়াশোনার দারুণ পরিবেশ। বাড়িতে বসে প্রাথমিকের পাঠ শেষ করার পর ভর্তি হন ব্রাহ্মণবাড়িয়ার জর্জ হাইস্কুলে এবং এখান থেকে ১৯৩৯ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ফেনী সরকারি কলেজ ও কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ হয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়েই ১৯৪৮ সালে ইংরেজি সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেন।১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পরের বছর ১৯৪৯ সালে নিজের সম্পাদনায় নিজেই প্রকাশ করেন ইংরেজি ত্রৈমাসিক নিউ ভ্যালুজ। ১৯৬৬ পর্যন্ত তাঁর একার চেষ্টায় টিকে ছিল এই ত্রৈমাসিকটি এবং এতে লেখালেখির মধ্য দিয়ে শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র ও সুশাসন নিয়ে তাঁর ভাবনার প্রকাশ ঘটতে শুরু করে। একজন শিক্ষক ও ভাবুক হিসেবে তিনি নিরলসভাবে বিনির্মাণ করেছেন বাংলাদেশের সংস্কৃতিজগত্। এরই মাঝে ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রতিষ্ঠা করেন প্রগতিশীল সাংস্কৃতিক গোষ্ঠী সংসদ। পাকিস্তান লেখক সংঘের পূর্বাঞ্চল শাখার সম্পাদক ছিলেন। ভাষা-আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা। ১৯৬১ সালে রবীন্দ্র-জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সেই সময়কার শাসক ও শাসক-সমর্থিত বুদ্ধিজীবীদের বাধা অগ্রাহ্য করে বার্ষিকী পালনে নেতৃত্ব দিয়েছেন। ১৯৬৫ থেকে ১৯৬৭ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বেই শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রবর্তনের জন্য প্রস্তাবনা ও অবকাঠামো তৈরির প্রক্রিয়া। তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের নীতিনির্ধারক ও পরিকল্পনাকারীদের অন্যতম। আইয়ুব খানের সঙ্গে গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী হিসেবে তিনিও উপস্থিত থাকতেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের পরিকল্পনা কমিশনের একজন সদস্য হিসেবে তাঁর রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। বাংলাদেশ নামে যে দেশটা যুদ্ধের মধ্য দিয়ে তিলে তিলে গড়ে উঠছিল, তার প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো কীভাবে পুনর্নিমাণ করা হবে, তাঁর দিকনির্দেশনা তৈরি করেছিল ওই পরিকল্পনা কমিশন।মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ প্রতিষ্ঠা করে সেখানে নিয়ে এসেছিলেন বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও গবেষকদের। সেই সময়কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোলাম মুরশিদের মতে, ‘এই ইনস্টিটিউট স্থাপনের জন্যই তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।’ ১৯৭২ থেকে ১৯৭৪ পর্যন্ত সারওয়ার মুরশিদ উপাচার্যের দায়িত্ব পালনকালীন সময়টির মূল্যায়ন করতে গিয়ে গোলাম মুরশিদ আরো লিখেছেন, ‘সত্যিকারের একজন যোগ্য আত্মমর্যাদাসম্পন্ন উপাচার্য কী করতে পারেন, খান সারওয়ার মুরশিদ তার দৃষ্টান্ত রেখেছিলেন। তিনি কর্তাভজা উপাচার্য ছিলেন না, তাঁর মেরুদণ্ড ছিল।’কর্তাভজা ছিলেন না বলেই উপাচার্যের দায়িত্ব ছেড়ে একসময় তাঁকে চলে যেতে হয়েছিল। ১৯৮৩ সালে দেশে ফিরে আবার যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকসমাজের পক্ষে স্বৈরাচারবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন। শহীদ জননী জাহানারা ইমাম গণ-আদালতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে গণতদন্ত কমিশন গঠন করেছিলেন, সেখানে তিনি সদস্যের দায়িত্ব পালন করেছেন। আরও পরে ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।খান সারওয়ার মুরশিদের একমাত্র বই কালের কথা । নিউ ভ্যালুজ সম্পাদনার ১৭ বছর ইংরেজিতে লেখা বেশ কিছু প্রবন্ধে তিনি সাহিত্য-সংস্কৃতি ছাড়াও সামাজিক ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে সমকালীন অনেক টানাপোড়েন তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ, ইয়েটস, এলিয়ট ও অলডাস হাক্সলি বিষয়ে তাঁর মৌলিক গবেষণা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাঁর বই কালের কথাকে অধ্যাপক আনিসুজ্জামান ‘উচ্চমার্গের চিন্তা এবং অতি সুন্দর বাংলা গদ্য রচনার পরিচয়বাহী’ বলে মূল্যায়ন করেছেন। এ ছাড়াও পাকিস্তান আমলে এবং বাংলাদেশে সমকালীন বাংলা সাহিত্য-সম্পর্কিত দুটি আলোচনাসভার প্রবন্ধ ও আলোচনার দুটি উল্লেখযোগ্য সংকলন তিনি সম্পাদনা করেছেন। ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তাঁকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০১১), জাহানারা ইমাম স্মৃতি পদক (২০০৬) ও কণ্ঠশীলন পুরস্কার (২০০৮) পান।তাঁর স্ত্রী নূরজাহান মুরশিদ ছিলেন একজন রাজনীতিবিদ। যুক্তফ্রন্ট ও আওয়ামী লীগ থেকে দুই-দুবার নির্বাচিত সাংসদ নূরজাহান মুরশিদ মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিলেন এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সারওয়ার মুরশিদের বড় ছেলে খান আহমেদ সাঈদ মুরশিদ বর্তমানে উন্নয়ন গবেষক হিসেবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন বড় মেয়ে তাজীন মুরশিদ। ছোট মেয়ে শারমীন মুরশিদ উন্নয়ন সংস্থা ব্রতীর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ইংল্যান্ডপ্রবাসী ছোট ছেলে খান আহমেদ নূওয়ায়ীদ মুরশিদ একজন আন্তর্জাতিক গবেষক।